উপজেলা নির্বাচনকে ঘিরে সৈয়দপুর বিএনপি বিভক্ত
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে কে লড়ছেন?—এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে নীলফামারীর সৈয়দপুরে।
এ উপজেলার বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদে থাকলেও সেখানে নতুন কাউকে দেওয়া নিয়ে দলে প্রকাশ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। এখানে ১৯ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।
প্রশাসনিক উপজেলা হলেও উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিএনপির সাংগঠনিক জেলার মর্যাদা পেয়ে আসছে সৈয়দপুর। সৈয়দপুর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এস এম ওবায়দুর রহমান বিগত নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এবারও লড়তে আগ্রহী। কিন্তু দলের কেউ কেউ মনে করছেন, সৈয়দপুর বিএনপির সভাপতি আবদুল গফুর সরকারকে প্রার্থী করা হলে দলের জন্য মঙ্গল হবে। আর এ নিয়েই বেধেছে বিপত্তি।
সংশ্লিষ্ট একটি সূত্রমতে, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত সৈয়দপুর বিএনপির কার্যালয়ে বাগিবতণ্ডা হয়েছে উপজেলা নির্বাচনের প্রার্থিতা নিয়ে। একটি পক্ষ চাইছে বর্তমান চেয়ারম্যান ওবায়দুর রহমান পুনরায় প্রার্থী হোক। আবার অন্য একটি পক্ষ আবদুল গফুর সরকারের পক্ষে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন প্রবীণ নেতা জানান, ‘দলে বেশ গ্রহণযোগ্যতা রয়েছে বর্তমান উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমানের। কেননা, তাঁকে দলীয় সব কর্মসূচিতে কাছে পাওয়া যায়। কিন্তু রাজপথের আন্দোলনে আবদুল গফুর তেমন সক্রিয় নন।
সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার জানান, সৈয়দপুর শহরের বিএনপির শক্ত অবস্থান রয়েছে। বিগত নির্বাচনে এ উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থীর জয়ী হয়। সেদিক থেকে প্রার্থী বাছাইয়ে ভুল হলে পদটি হারাতে পারে বিএনপি।
নির্বাচনে লড়তে আগ্রহী আবদুল গফুর সরকার বলেন, ‘দলে টানাপোড়েন চলছে। প্রার্থিতা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি শুরু হয়েছে। যদি দল মনে করে, তাহলে অবশ্যই ভোট করব। ভিন্ন কাউকে সমর্থন দিলে তাঁর পক্ষে কাজ করব।’
উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন সবাই নির্বাচনমুখী। বিএনপিও ব্যতিক্রম নয়। দলে বিভক্তি আছে এ কথা স্বীকার করে তিনি বলেন, সমর্থন পেলে বিপুল ভোটে জয়ী হব। একই সঙ্গে তিনি আশা করছেন, দল তাঁকে সমর্থন দেবে এবং দু-এক দিনের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হবে।