উপজেলা নির্বাচনে অংশ নেবে জামায়াত
নিজেদের জন্য পরিস্থিতি বৈরী ঠেকলেও আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। প্রায় দুই সপ্তাহ আগে এ বিষয়ে জেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
দলের উচ্চপর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, যেসব উপজেলায় জামায়াতের অবস্থান ভালো এবং জয়ী হওয়ার মতো উপযুক্ত প্রার্থী আছে, সেসব জায়গায় স্থানীয় নেতাদের প্রার্থী দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই সব জায়গায় বিজয় নির্বিঘ্ন করতে ১৮-দলীয় জোটের শরিক দলগুলো, বিশেষ করে বিএনপির সঙ্গে সমন্বয় করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর যদি মনে হয়, নির্বাচনে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকা যাবে না, সেসব উপজেলায় প্রার্থী না দিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রথম ধাপে অনুষ্ঠেয় ৯৭টি উপজেলা পরিষদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল শনিবার। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬টি উপজেলায় জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সিলেটের বিশ্বনাথ, জৈন্তাপুর, গোলাপগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, বোদা, নীলফামারীর ডিমলা, জলঢাকা, রংপুরের মিঠাপুকুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, বগুড়ার নন্দীগ্রাম, শেরপুর, সিরাজগঞ্জের রায়গঞ্জ, পাবনার সাঁথিয়া ও আটঘরিয়া, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, রাজশাহীর মোহনপুর, নাটোরের সিংড়া, কুষ্টিয়া সদর, ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর, খুলনার কয়রা, সাতক্ষীরার আশাশুনি, মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে জামায়াত প্রার্থী দিয়েছে।
এ ছাড়া বিভিন্ন উপজেলায় ভাইস চেয়ারম্যান পদেও জামায়াতের সমর্থকেরা প্রার্থী হয়েছেন বলে জানা গেছে।
২০০৯ সালের ২২ জানুয়ারি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনেও জামায়াত প্রার্থী দিয়েছিল। সে সময় জামায়াতের ২৬ জন উপজেলা চেয়ারম্যান ও ১৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
যুদ্ধাপরাধের বিচারের দাবি সামনে রেখে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। চরম ভরাডুবি হয় বিএনপি-জামায়াত জোটের। সংসদ নির্বাচনে অভাবনীয় পরাজয়ের পরপরই একরকম প্রতিকূল পরিস্থিতিতে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছিল জামায়াত। ৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ আবার সরকার গঠন করেছে। এবারের উপজেলা নির্বাচনের সময়টি তাদের জন্য আরও প্রতিকূল বলে মনে করছে তারা।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নেতাদের বিচার, নেতাদের রক্ষায় রাজপথে দলটির নেতা-কর্মীদের সহিংস তৎপরতা এবং তা দমনে সরকারের কঠোর অবস্থান—সব মিলিয়ে অত্যন্ত বিপৎসংকুল অবস্থায় পড়েছে জামায়াত। এ অবস্থায় দল-সমর্থিত প্রার্থীদের ভালো ফলাফল নিয়ে সংশয় আছে জামায়াতের নীতিনির্ধারকদের।
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক সমর্থন খুব একটা কাজে আসে না। এখানে প্রার্থীর যোগ্যতা ও ভাবমূর্তি দেখে ভোট দেন ভোটাররা। তিনি দাবি করেন, তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। জামায়াতের নেতা-কর্মীরা পাঁচ বছর ধরে নির্যাতনের শিকার। মানুষ এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এখন প্রয়োজন সুষ্ঠু পরিবেশের।