উপজেলা নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে তা অস্বীকারের সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেছেন, ‘উপজেলা নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে, তা অস্বীকারের সুযোগ নেই। যাঁদের দিয়ে নির্বাচনী কাজ করিয়েছি, তাঁরা ঠিকভাবে দায়িত্ব পালন না করায় এমন অনিয়মের ঘটনা ঘটেছে।’
শাহ নেওয়াজ গতকাল মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, অনিয়মগুলো পর্যালোচনা করে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা নির্বাচনে মাঠপর্যায়ে কাজ করেছেন, তাঁদের কাছ থেকে অনিয়মের বিষয়ে সরাসরি অভিযোগ না পাওয়ায় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
এই নির্বাচন কমিশনার বলেন, ধাপে ধাপে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা ছিল। তবে ধাপে ধাপে নির্বাচন হওয়ায় অনিয়মগুলো বেশি চোখে পড়ছে। তিনি বলেন, বাংলাদেশে কখনোই পুরোপুরি সুষ্ঠু নির্বাচন হয়নি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও সহিংসতার ঘটনা ঘটেছে। আগের কমিশনারদেরও এ নিয়ে অতৃপ্তি ছিল।
প্রচলিত আইনে বিকেল চারটায় ভোট গ্রহণ সম্পন্ন হলে তারপর অভিযোগ পেলেও কমিশনের পক্ষে বেশি কিছু করার থাকে না বলে মন্তব্য করেন শাহ নেওয়াজ। তিনি বলেন, নির্বাচনের পর গেজেট প্রকাশ করার আগ পর্যন্ত ক্ষমতা দেওয়া হলে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া যাবে। এতে কমিশনের শক্তিও বাড়বে।
গত সোমবার পঞ্চম ধাপের নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে শাহ নেওয়াজ বলেন, শতাংশ মুখ্য বিষয় নয়। সুষ্ঠু নির্বাচনই মুখ্য বিষয়। এ ছাড়া কত শতাংশ ভোট পড়েছে, তা এখনই বলা যাচ্ছে না।