উপজেলা নির্বাচনে জবাব দেওয়া হবে: আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির হোসেন আমু
আমির হোসেন আমু

বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে হত্যা, গণধর্ষণ, ঘরবাড়ি লুটের জবাব উপজেলা নির্বাচনে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আজ শনিবার বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরে কুড়ারমাঠ হাসপাতাল মাঠে কামরাঙ্গীরচর থানা এবং ৫৫, ৫৬ ও ৫৭ ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠানে আমির হোসেন এ মন্তব্য করেন।

আমির হোসেন বলেন, ‘বিএনপি-জামায়াত বলেছিল শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন করবে না। আজকে তারা নতি স্বীকার করে শেখ হাসিনার অধীনে উপজেলা নির্বাচনে এসেছে। তাই আজ জিজ্ঞাসা—যদি শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসবেন, তাহলে কেন এত মানুষ পুড়িয়ে হত্যা করলেন? এত গণধর্ষণ করলেন? অগ্নিসংযোগ করলেন? ঘরবাড়ি লুটপাট করলেন? মানুষ এসবের জবাব আদায় করে নেবে। উপজেলা নির্বাচনে সমুচিত জবাব দেওয়া হবে।’

শিল্পমন্ত্রী আমির হোসেন বলেন, উপজেলা নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করে মানুষ তাদের বুঝিয়ে দেবে, বাংলার মাটিতে যুদ্ধাপরাধী-পাকিস্তানি হানাদার বাহিনীর কোনো জায়গায় নেই। তাদের আরেকবার প্রত্যাখ্যান করে বাংলার মানুষ মহাজোট-সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করবে।


ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খালেদা জিয়ার পায়ের তলায় এখন মাটি নেই, তিনি এখন ফাঁকা আওয়াজ দিচ্ছেন। জঙ্গিদের নেতা এখন খালেদা জিয়া। তিনি বাংলাদেশের অভিশাপ। তিনি বলেন, দলের মধ্যে যারা খারাপ কাজ করবে, তাদের জায়গা হবে না।

খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ কামরুল ইসলাম বলেন, কামরাঙ্গীরচরে আর কোনো সমস্যা থাকবে না। এই এলাকায় উন্নয়ন হয়েছে, আরও উন্নয়ন হবে। তিনি বলেন, যারা শেখ হাসিনা সরকারকে অবৈধ বলা চেষ্টা করে। সরকারের বিরুদ্ধে আন্দোলন করার শক্তি তাদের নেই। এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থেকে জনসেবা করবে। এ সময় কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে, তাদের বিরুদ্ধে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।