উপজেলা নির্বাচনে জাপা বিএনপির সঙ্গে ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনে জাতীয় পার্টিও বিএনপির সঙ্গে ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রবিজ্ঞান সমিতির এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক মেরুকরণ হয়েছে। সেটা হলো, রংপুরের মতো জায়গায় বিএনপি জিতেছে। হয়তোবা এ নির্বাচনে জাতীয় পার্টিও বিএনপির সঙ্গে ছিল, থাকছে।’
তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় এটাই প্রমাণিত হয়েছে। প্রশাসনও এ ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। তবে স্থানীয় সরকার নির্বাচন দলীয় জনপ্রিয়তার মাপকাঠি নয়।
এর আগে ‘নেতৃত্বের বিচক্ষণতা: নির্বাচনোত্তর রাজনৈতিক ও সাংবিধানিক চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের মূল চেতনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার তাগিদ দেন। বৈঠকের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলেছিলেন। কিন্তু শেখ হাসিনা নিজস্ব অবস্থানে দৃঢ় ছিলেন—সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন হবেই। সরকার সাংবিধানিকভাবে পাঁচ বছরের জন্য ক্ষমতা গ্রহণ করেছে।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক গিয়াসউদ্দিন মোল্যা মূল প্রবন্ধে বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে চলমান রাখার জন্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প সরকারের ছিল না। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি কূটনীতিকদের অযাচিত তৎপরতা সীমিত করা, সরকারের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার কাজ করাসহ কয়েকটি সুপারিশ করেন।
আওয়ামী লীগ সভানেত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে বিতর্ক থাকলেও যারা সুশাসনভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ গ্রহণ করবে, মানুষ তাদেরই গ্রহণ করবে।
অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত বলেন, যখন কোনো রাষ্ট্রনায়ক জ্ঞানসমৃদ্ধ, দূরদর্শী, জনকল্যাণকামী হবেন, তখন তাঁকে বিচক্ষণ বলা যাবে। মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণই হবে সেই বিচক্ষণ রাষ্ট্রনায়কের কাজ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক খুরশীদা বেগমের সঞ্চালনায় গোলটেবিলে আরও আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান প্রমুখ।