উপজেলা নির্বাচনে টাকার খেলা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন নিরপেক্ষ করতে টাকার খেলা বন্ধের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এর পাশাপাশি সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা কার্যকরভাবে বন্ধ করার দাবি করেছে দল দুটি।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি করেন। উপজেলা পরিষদকে পর্যাপ্ত আর্থিক ক্ষমতা না দিয়ে এখানে সাংসদ ও আমলাতন্ত্রের কর্তৃত্ব বহাল রাখা হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। বলা হয়, এটা সংবিধানের বরখেলাপ।
আওয়ামী লীগ-বিএনপি বলয়ের বাইরে উপজেলা পরিষদের ক্ষমতায়নের পক্ষে দৃঢ়, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সৎ ব্যক্তিদের জয়ী করার জন্য আহ্বান জানান বিবৃতিদাতারা। দেশের সব উপজেলায় প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নিতে দল দুটির স্থানীয় কমিটিগুলোর প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।