উপজেলা নির্বাচনে যাওয়ার দিকেই ঝোঁক বিএনপির
কেন্দ্র হাতছাড়া হলেও স্থানীয় সরকারে নিজেদের প্রতিনিধি রাখতে মাঠপর্যায় থেকে বিএনপির ওপর চাপ বাড়ছে। তাই আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির স্থানীয় নেতাদের অংশগ্রহণে বাধা না দেওয়ার পক্ষেই দলটির অধিকাংশ কেন্দ্রীয় নেতা।
বিএনপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতা প্রথম আলোকে বলেছেন, উপজেলা নির্বাচনে তাঁদের দলের স্থানীয় নেতাদের অংশ নেওয়ার সম্ভাবনাই বেশি। তবে এখনো তাঁদের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
নির্বাচন কমিশন গতকাল রোববার উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। প্রথম পর্যায়ে ১৯ ফেব্রুয়ারি ১০২টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে। বাকিগুলোতে জুন নাগাদ পর্যায়ক্রমে ভোট গ্রহণ করা হবে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেন, ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনে বিএনপি অংশ না নিলেও স্থানীয় নির্বাচনে যাওয়া নিয়ে দলের একটি অংশের জোরালো মত আছে।
তবে নির্বাচনবিরোধী অংশ মনে করছে, এটি সরকারের নতুন কৌশল। বিএনপিকে আন্দোলন থেকে পিছু সরাতে এবং জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এই কৌশল নেওয়া হয়েছে। বিএনপির এ ফাঁদে পা দেওয়া ঠিক হবে না।
অপর অংশের মত, স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগকে মাঠ ছেড়ে দেওয়া ঠিক হবে না। আন্দোলনের অংশ হিসেবে বিএনপিরও নির্বাচনী মাঠে থাকা উচিত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এটা স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে যাওয়া না-যাওয়া নিয়ে বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
সিদ্ধান্ত না নিলেও বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে থাকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। কেননা নির্বাচনে যাওয়ার বিষয়ে তৃণমূল থেকে চাপ আছে। তবে বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাওয়া কতটুকু যুক্তিযুক্ত হবে, সেটাই বড় প্রশ্ন।
ওই নেতারা বলেন, কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্তই নেওয়া হোক, স্থানীয়ভাবে দলের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানো যাবে না। সে ক্ষেত্রে বিএনপি হয়তো স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে অংশ নিতে বলবে।
জাতীয় নির্বাচন বর্জন করার পর স্থানীয় নির্বাচনে বিএনপি থাকবে কি না, জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে বিএনপি নির্বাচনের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে। অবশ্য বর্তমান নির্বাচন কমিশন খুবই প্রশ্নবিদ্ধ। এর অধীনে কতটুকু সুষ্ঠু নির্বাচন সম্ভব, তা প্রশ্নসাপেক্ষ। এসবও বিবেচনা করা হচ্ছে।