উপজেলা নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তায় উদ্যোগ
উপজেলা পরিষদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়সহ অনগ্রসর নাগরিকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। জাতীয় সংসদে আজ মঙ্গলবার এ কথা বলেন সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও একই রকম উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও তিনি জানান।
উপজেলা নির্বাচন উপলক্ষে ভোটের আগে ও পরে সংখ্যালঘুদের বিশেষ নিরাপত্তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না, চট্টগ্রামের সাংসদ এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়সহ অনগ্রসর নাগরিকদের জন্য ভোট গ্রহণের আগে ও পরের দিনগুলোয় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় এবং সচিব পর্যায়ে আধাসরকারি চিঠি দিয়ে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বিঘ্নে ভোট দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন আগে থেকেই প্রস্তুতি নেয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একাধিকবার লিখিতভাবে নির্দেশনা দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেও বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে তিনি জানান।