উপজেলা নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
logo
logo

উপজেলা পরিষদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে দেশের ১০২টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচন কমিশন গতকাল আরও ১১৭টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। বিকেলে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ এ তফসিল ঘোষণা করেন। এ তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি।
উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে বলে গতকাল আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকে সিদ্ধান্ত হয়। বেলা ১১টার দিকে কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক হয়। সিইসির সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কমিশন সচিবালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র‌্যাব, বিজিবি, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিশন সচিবালয় সূত্র জানায়, বৈঠকে কমিশনের পক্ষ থেকে উপজেলা নির্বাচনের প্রতিটি ধাপে ভোট গ্রহণের দুই দিন আগে থেকে মোট পাঁচ দিনের জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের প্রস্তাব করা হয়। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কমিশনের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের পক্ষ থেকে জানানো হয়, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে, ভোটার উপস্থিতি থাকবে স্বতঃস্ফূর্ত এবং নির্বাচনের পরিবেশ হবে উৎসবমুখর।
নির্বাচন কমিশন এবার ছয় ধাপে সারা দেশের ৪৮৭টি উপজেলা পরিষদে নির্বাচনের সিদ্ধান্ত নেয়। তবে সীমানা জটিলতার কারণে প্রথম দফা তফসিলের চারটি উপজেলা রংপুরের সদর, পীরগাছা, গঙ্গাচড়া ও কাউনিয়ার নির্বাচন গতকাল স্থগিত করা হয়। এ ছাড়া জাতীয় সংসদের রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের উপনির্বাচনের কারণে পীরগঞ্জ উপজেলায় ২৪ ফেব্রুয়ারি নির্বাচন হবে।
বিকেলে তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিইসি বলেন, ‘এবারের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের অভিজ্ঞতা ভালো ছিল না। সহিংসতায় দেশের অনেক ক্ষতি হয়েছে। তাই উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। এ বিষয়ে দু-এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি বলেন, ‘আশা করা যায়, নির্বাচন সুষ্ঠু হবে। নির্দলীয় নির্বাচন হওয়ায় ভোটার উপস্থিতিও ভালো থাকবে।’
১১৭ উপজেলা: ২৭ ফেব্রুয়ারি যে ১১৭ উপজেলা পরিষদে নির্বাচন হবে, সেগুলো হলো: পঞ্চগড়ের তেঁতুলিয়া; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল; দিনাজপুরের ঘোড়াঘাট, চিরিরবন্দর, বিরামপুর ও বীরগঞ্জ; নীলফামারীর কিশোরগঞ্জ; লালমনিরহাটের সদর, পাটগ্রাম ও হাতীবান্ধা; রংপুরের বদরগঞ্জ; কুড়িগ্রামের নাগেশ্বরী, রাজারহাট ও রাজীবপুর; গাইবান্ধার পলাশবাড়ী; জয়পুরহাটের সদর, ক্ষেতলাল ও কালাই; বগুড়ার কাহালু, শিবগঞ্জ, আদমদীঘি ও শাজাহানপুর; চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর; নওগাঁর সদর, আত্রাই, নিয়ামতপুর, পত্নীতলা, বদলগাছি ও সাপাহার; রাজশাহীর বাঘা; নাটোরের সদর, বাগাতিপাড়া, গুরুদাসপুর ও লালপুর; সিরাজগঞ্জের তাড়াশ; পাবনার চাটমোহর ও ভাঙ্গুরা; মেহেরপুরের গাংনী ও মুজিবনগর; কুষ্টিয়ার কুমারখালী, খোকসা ও মিরপুর; ঝিনাইদহের মহেশপুর; যশোরের চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া ও শার্শা; মাগুরার মহম্মদপুর ও শালিখা; বাগেরহাটের কচুয়া ও ফকিরহাট; খুলনার ডুমুরিয়া; সাতক্ষীরার শ্যামনগর; ভোলার চরফ্যাশন ও বোরহানউদ্দিন; বরিশালের সদর; পিরোজপুরের কাউখালী ও নাজিরপুর; টাঙ্গাইলের সখীপুর; জামালপুরের ইসলামপুর, বকশীগঞ্জ ও মেলান্দহ; শেরপুরের ঝিনাইগাতি; ময়মনসিংহের সদর, ঈশ্বরগঞ্জ ও ভালুকা; নেত্রকোনার কলমাকান্দা, খালিয়াজুরি, পূর্বধলা ও বারহাট্টা; মানিকগঞ্জের সদর ও হরিরামপুর; মুন্সিগঞ্জের সদর ও শ্রীনগর; ঢাকার কেরানীগঞ্জ ও সাভার; নরসিংদীর শিবপুর; ফরিদপুরের নগরকান্দা, বোয়ালমারী ও সালথা; গোপালগঞ্জের সদর ও কোটালীপাড়া; মাদারীপুরের রাজৈর ও শিবচর; সুনামগঞ্জের সদর ও দিরাই; সিলেটের বালাগঞ্জ; হবিগঞ্জের চুনারুঘাট; ব্রাহ্মণবাড়িয়ার সরাইল; কুমিল্লার দেবীদ্বার, মনোহরগঞ্জ ও লাকসাম; চাঁদপুরের সদর, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর; ফেনীর সদর ও পরশুরাম; নোয়াখালীর সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, চাটখিল ও সোনাইমুড়ী; চট্টগ্রামের পটিয়া ও লোহাগাড়া; কক্সবাজারের পেকুয়া, মহেশখালী ও চকরিয়া; খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি; রাঙামাটির কাপ্তাই ও ননিয়ারচর; বান্দরবানের থানচি, রুমা, রোয়াংছড়ি ও লামা।