উপজেলা নির্বাচনেও ভাগ-বাঁটোয়ারার চেষ্টা আ.লীগের: রিজভী

দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ নিজেদের মধ্যে আসন ভাগ-বাঁটোয়ারা করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
রিজভী বলেন, সরকার ‘এ-বি-সি’ এ রকম একাধিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, যাতে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বাদ দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় পার্টি, আওয়ামী লীগের প্রার্থীদের জেতানো যায়। এ জন্য বিএনপি-সমর্থিত প্রার্থীদের গুম, হত্যা, মামলা ও গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, রাজশাহীর চারঘাট উপজেলার বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ, যিনি এবারের উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জামিনে মুক্তি পাওয়ার পরও নাটোরের একজন ও সিংগাইরের দুজন নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত সোমবার আবারও ধরে নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন।
রিজভী বলেন, বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের নামে বাণিজ্য চলছে। হয় টাকা দিয়ে তাঁদের ছাড়া পেতে হচ্ছে, না হলে নিত্যনতুন মামলার মুখে তাঁদের পড়তে হচ্ছে। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীদের লাগামহীন বক্তব্যে তাঁরা আরও উসকানি পাচ্ছে।
গুম ও খুনের ঘটনায় বিএনপি আদালতে যাবে কি না—এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, আইনজীবীরা এ বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন। তবে বাংলাদেশে এখন আইন কার্যকর করার কোনো সুযোগ নেই। তাই এ রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তি পেতে জনগণ রাজপথে তুমুল আন্দোলন গড়ে তুলবে। তিনি বলেন, এ সরকার কবরের শান্তির পরিবেশ তৈরি করতে চায়। এ জন্য নানাভাবে কণ্ঠরোধ করা হচ্ছে।