উপজেলা নির্বাচনের অনিয়ম, সহিংসতায় উদ্বেগ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনের ভোট জালিয়াতি ও সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। এতে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা কমছে মন্তব্য করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের আরও জোরালো ভূমিকার আশা প্রকাশ করেছে ইপি।
গতকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আবদুল মোবারকের সঙ্গে বৈঠকে জিন ল্যাম্বার্টের নেতৃত্বাধীন ইপি প্রতিনিধিদল এ অবস্থান তুলে ধরে।
এদিকে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রতিনিধিদলটি জানিয়েছে, একটি অর্থবহ সংলাপের মাধ্যমে নির্বাচন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর বিরোধ নিষ্পত্তি এবং জনমতের প্রতিফলনকারী অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে তাদের অবস্থানের পরিবর্তন হয়নি।
ভারপ্রাপ্ত সিইসির সঙ্গে বৈঠকের পর জিন ল্যাম্বার্ট সাংবাদিকদের বলেন, ২০০৮ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছিল। কিন্তু এখন যা হচ্ছে, তাতে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এবং কমিশন পিছিয়ে যাচ্ছে। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে কমিশনের কাছে আরও জোরালো ভূমিকা আশা করে।
ল্যাম্বার্ট বলেন, উপজেলা নির্বাচনে যারা ভোট জালিয়াতি ও সহিংসতা করেছে, ইউরোপীয় পার্লামেন্ট সে বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার দাবি করছে। ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন দেখতে চায়।
সংসদ নির্বাচন সম্পর্কে জানতে চাইলে প্রতিনিধিদলের প্রধান বলেন, নতুন কোনো নির্বাচনের দাবি তাঁদের নেই। তবে তাঁরা ভবিষ্যতের যেকোনো নির্বাচনে সব দলের অংশগ্রহণ চান।
নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়: নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ের সময় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলটি জানায়, তারা বাংলাদেশের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি জানতে এসেছে। বিশেষ করে নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী ও গণমাধ্যমের অবস্থান ‘সংকুচিত হওয়ার’ বিষয়ে তারা জানতে চায়। নাগরিক সমাজের প্রতিনিধিরা সুশাসনের বর্তমান পরিস্থিতি, প্রশাসনের রাজনৈতিকীকরণ, গুম ও বিচারবহির্ভূত হত্যা বেড়ে যাওয়া ও তথ্যপ্রযুক্তি আইন নিয়ে কথা বলেন। ইপি প্রতিনিধিদল এ সময় প্রধান রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকারের ওপর গুরুত্ব দিয়েছে।
মতবিনিময়ের পর জিন ল্যাম্বার্ট সাংবাদিকদের জানান, তাঁরা নাগরিক সমাজের কাছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে শুনেছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য গণমাধ্যম কর্মীদের বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন ও সংলাপ নিয়ে নির্বাচনের আগে ও পরে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এক কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে আন্তর্জাতিক সম্প্রদায় সংলাপ ও সব দলের অংশগ্রহণে নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে ছিল। এখন তাদের অবস্থান কিছুটা নমনীয় কি না, এ প্রশ্ন দেখা দিয়েছে। এ সময় ইপি প্রতিনিধিদল দ্ব্যর্থহীনভাবে জানায়, সংলাপ ও সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তথ্যপ্রযুক্তি আইনটিকে কালো আইন অভিহিত করে এর বিভিন্ন ধারার পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এ আইনে আইন প্রয়োগকারী সংস্থাকে অসীম ক্ষমতা দেওয়ায় ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা থাকছে।
অধিকার সম্পাদক আদিলুর রহমান খান বলেন, আইনজীবী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সমর্থনের কারণে তিনি জামিন পেয়েছেন। তহবিল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় তাঁর সংগঠনের কাযক্রম স্থবির হয়ে পড়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইপিএসএস) মেজর জেনারেল (অব.) মুনীরুজ্জামান বলেন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ও কার্যকর না হলে সুশাসন নিশ্চিত হবে না।
আদিবাসী নেতা সঞ্জীব দ্রং বলেন, রাজনৈতিক সহিংসতার সময় প্রতিবারই ধর্মীয় সংখ্যালঘুদের অসহায়ভাবে দিন কাটাতে হয়।
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলটি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে। দুই দিনের সফর শেষে ইপি প্রতিনিধিদলটি গতকাল ঢাকা ছেড়ে গেছে।