ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) পর্যবেক্ষণে বলা হয়েছে, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতা আরও বেড়েছে। ওই নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতর ২৫৮টি সহিংস ঘটনা ঘটে। ভোটারদের ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটে ১৪৩টি। এটাকে পরিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলা যায় না।
২৯টি সংস্থার সমন্বয়ে গঠিত জোট ইডব্লিউজির এই পর্যবেক্ষণ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হয়। পর্যবেক্ষণের তথ্য তুলে ধরেন ইডব্লিউজির পরিচালক মো. আবদুল আলীম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ মার্চ অনুষ্ঠিত তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইডব্লিউজি ৮১টি উপজেলায় দুই হাজার ৩৩৬টি কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করে। পর্যবেক্ষণ করা ভোটকেন্দ্রগুলোতে ভোট দেওয়ার গড় হার ৬৪ দশমিক ৬ শতাংশ।
পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, সহিংসতা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ছাড়াও আইন অমান্য করে নির্বাচনী প্রচারণা চালানোর ঘটনা ৮৭টি, ভোটারদের ভোট প্রদানে বাধা দেওয়ার ঘটনা ১৪টি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করার ঘটনা ৭৭টি, ভোটকেন্দ্রের ভেতর গ্রেপ্তারের ঘটনা ৪০টি ও পর্যবেক্ষকদের গণনা-প্রক্রিয়া দেখতে না দেওয়ার ঘটনা ঘটেছে ৯০টি। পর্যবেক্ষণে ৯৭ শতাংশ ভোট গ্রহণ কর্মকর্তাকে সুচারুভাবে ভোট গ্রহণ করতে দেখা গেছে। পর্যবেক্ষণ করা ১২ শতাংশ কেন্দ্রে প্রতিবন্ধী ভোটাররা কেন্দ্রে প্রবেশে সমস্যার সম্মুখীন হন।
তৃতীয় ধাপের নির্বাচনের বিষয়ে সার্বিক মূল্যায়ন কী, জানতে চাইলে ইডব্লিউজির স্টিয়ারিং কমিটির সদস্য তালেয়া রেহমান প্রতিবেদনের তথ্য উল্লেখ করে বলেন, ‘এ নির্বাচন সুষ্ঠু বলে বলতে পারব না।’ আবদুল আলীম বলেন, এটাকে পরিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলা যায় না।
সংবাদ সম্মেলনে ইডব্লিউজির স্টিয়ারিং কমিটির আরেক সদস্য নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, স্থানীয় নির্বাচন রাজনৈতিক বিবেচনায় হওয়া উচিত। এতে দলগুলো দায়বদ্ধতার মধ্যে চলে আসবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ইডব্লিউজির স্টিয়ারিং কমিটির সদস্য এ এইচ এম নোমান, হারুন অর রশীদ প্রমুখ।