উপজেলা নির্বাচনের পর বিএনপির কাউন্সিল
উপজেলা নির্বাচনের পর বিএনপির জাতীয় কাউন্সিল হবে। এ ছাড়া শিগগিরই ঢাকা মহানগর কমিটি ও ঢাকার ওয়ার্ড কমিটিগুলো করা হবে। গতকাল রোববার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রাত সাড়ে নয়টা থেকে প্রায় দুই ঘণ্টা এ বৈঠক চলে।
নাম না প্রকাশের শর্তে স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বৈঠকে ঢাকা মহানগর কমিটি নিয়ে অনেকেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। বৈঠক সূত্র জানায়, ঢাকা মহানগর কমিটি দুই ভাগে ভাগ করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এর সঙ্গে ওয়ার্ড কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। সূত্র জানায়, মহানগর কমিটির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আলোচনা হয়েছে। এ ছাড়া জাতীয় কাউন্সিলেও পরিবর্তন আসবে। যাঁরা নির্বাচনবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, তাঁদের মূল্যায়ন করা হবে। সভায় বাকি উপজেলাগুলোতে বিএনপির একক প্রার্থী রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আর এ গনি, গয়েশ্বর চন্দ্র রায়, জমির উদ্দিন সরকার, খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
ফখরুলসহ পাঁচ নেতার আগাম জামিন বাতিল: চার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ পাঁচ নেতার আগাম জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। বাকি চার নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব আবদুস সালাম ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে গতকাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণসহ বিষয়টি নিষ্পত্তি করে এ আদেশ দেন।
পাঁচ নেতার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ারদী। তিনি প্রথম আলোকে বলেন, একটি মামলায় মির্জা ফখরুল, চারটিতে মির্জা আব্বাস ও ওবায়দুল হক, তিনটিতে আমানউল্লাহ ও দুই মামলায় আবদুস সালামের আগাম জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।
একটিতে তিন নেতার আগাম জামিন: রামপুরা থানার একটি মামলায় গতকাল মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহর ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ জামিন মঞ্জুর করেন।