উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হাসাকোলা-তালতলার মেলায় অশ্লীল নৃত্য ও জুয়া খেলা বন্ধ করতে গিয়ে গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) লাঞ্ছিত হয়েছেন। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে শাহজাদপুরের ইউএনও রাসেল সাবরিন, সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, পিয়ন লালন মিয়া ও শরিফুল ইসলাম হাসাকোলা গ্রামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলা বন্ধ করার জন্য যান। ঘটনাস্থলে পৌঁছার পর উপস্থিত সবাই গাড়ি দেখে পালাতে শুরু করেন। একপর্যায়ে নৃত্য বন্ধ করে দিয়ে শিল্পীরাও পালাতে থাকেন। কিন্তু এর কিছুক্ষণ পর একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাঁদের উপর হামলা চালায়। এ সময় কর্মকর্তাদের রক্ষা করতে গেলে পিয়ন লালন মিয়া মারাত্মক আহত হন। তাঁকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামসহ রতনকান্দি গ্রামের আবদুল ওহাব মাস্টারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার সেলিম আহমেদ তাঁকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, ‘এলাকায় একটি মেলা বসেছে বলে আমি জানি। ইউএনও সেখানে যাওয়ার সময় পুলিশ নিয়ে গেলে হয়তো এমন ঝামেলা হতো না।’ইউএনও রাসেল সাবরিন বলেন, ‘ওই এলাকায় অশ্লীল নৃত্য এবং জুয়া খেলা চলছে—এমন অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসনের কয়েকজনকে নিয়ে দেখার জন্য আমি গাড়িতে করে সেখানে যাই। গাড়ির আলো দেখে সবাই পালাতে থাকে। কিন্তু এর কিছুক্ষণ পর এলাকাবাসী এক জোট হয়ে আমাদের ওপর হামলা করে। আমরা মানুষের ভিড়ের মধ্যে মিশে গিয়ে কোনো মতে আত্মরক্ষা করি। পরে র্যাব ও পুলিশকে জানানোর পর তারা এসে আমাদের উদ্ধার করে।’