উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা
বান্দরবানের থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবাঞ্ছিত ঘোষণা করে আজ মঙ্গলবারের মধ্যে প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা (আলটিমেটাম) দেওয়া হয়েছে। থানচির সর্বদলীয় নাগরিক কমিটির দেওয়া এ সময়সীমার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কাল বুধবার থেকে সড়ক অবরোধ করা হবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তিনি আর কোনো কথা বলতে চাননি। আওয়ামী লীগ-বিএনপি-জনসংহতি সমিতির সমিঞ্চলিতভাবে গঠিত সর্বদলীয় নাগরিক কমিটির আহ্বায়ক নুমংপ্রু মারমা বলেন, ইউএনও শেখ আবু ছালেহ আহমদকে অবাঞ্ছিত করা হয়েছে। তাঁকে আর থানচি উপজেলায় আসতে দেওয়া হবে না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংথোয়াইম্যা মারমা, বিএনপির সভাপতি মংশৈ ম্রয় মারমা ও জনসংহতি সমিতির সভাপতি চসাথোয়াই মারমা বলেন, ইউএনও ছালেহ আহমদের দুর্নীতি-অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, হয়রানি ও অত্যাচারের প্রতিবাদে জেলা শহরে মানববন্ধন ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। লিখিতভাবে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছে। ৯ জুলাই সঞ্চারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করা হয়েছিল। সঞ্চারকলিপিতে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, হেডম্যান-কার্বারি, ইউপি চেয়ারম্যান-সদস্য, সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা-কর্মীসহ উপজেলার ৫২৬ জন স্বাক্ষর করেছিলেন। ইউএনও ছালেহ আহমদ তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কতিপয় নেতার নিম্নমানের ঠিকাদারি কাজের বিল আটকে দেওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তিনি বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে ইউএনওর জন্য বরাদ্দ দেওয়া কক্ষে উপজেলা পরিষদের দাপ্তরিক কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে। উপজেলা চেয়ারম্যানও তাঁর সঙ্গে রয়েছেন। উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো বলেন, ইউএনওর বিরুদ্ধে দেওয়া সঞ্চারকলিপিতে প্রথম তিনি স্বাক্ষর করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়েজ আহমদ বলেন, জেলা প্রশাসক ইউএনওর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ইউএনওকে প্রত্যাহারের জন্য দেওয়া আলটিমেটাম সম্পর্কে তাঁর জানা নেই বলে তিনি জানিয়েছেন।