উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হাত-পা কেটে ফেলার হুমকি
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেনের হাত-পা কেটে ফেলার হুমকি দিয়েছেন উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আউয়াল। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় তিনি ইউএনওর কার্যালয়ে ঢুকে এই হুমকি দেন।ইউএনও মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘উপজেলা পরিষদের গ্যারেজের শেড নির্মাণ ও সংস্কারকাজের জন্য রাজস্ব তহবিল থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গ্যারেজের পুরো কাজ সম্পন্ন না করে উপজেলা চেয়ারম্যান আবদুল আউয়াল ওই কাজের চূড়ান্ত বিলে স্বাক্ষর দেওয়ার জন্য বেশ কয়েক দিন ধরে চাপাচাপি করে আসছিলেন। অর্ধেক কাজ হওয়ায় চূড়ান্ত বিলে স্বাক্ষর করিনি। তাঁর এই অনৈতিক দাবি মেনে না নেওয়ায় তিনি গতকাল বিকেলে আমার কক্ষে ঢুকে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ, হাত-পা কেটে ফেলার হুমকি এবং কীভাবে এখানে চাকরি করব তা তিনি দেখে নেবেন বলে শাসিয়ে যান।’ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল দাবি করেন, ‘গ্যারেজের কাজ সম্পন্ন হলেও কেন বিলে স্বাক্ষর করা হচ্ছে না, বিষয়টি আমি ওই দিন ইউএনওর কক্ষে ঢুকে তাঁকে জিজ্ঞেস করেছিলাম। এ নিয়ে আমাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইউএনও উত্তেজিত হয়ে “আপনার সবকিছু মিথ্যা” বলায় আমি রাগ থামাতে না পেরে উচ্চবাচ্য করেছি। তাঁকে হাত-পা কেটে নেওয়া ও দেখে নেওয়ার অভিযোগ ঠিক নয়।’ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে পুলিশ নিয়ে আসতে বলায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ তাঁর বাসভবনের সামনে কিছুক্ষণ অবস্থান করেছিল। ইউএনওর সঙ্গে উপজেলা চেয়ারম্যানের কী হয়েছে, এ-সংক্রান্ত কোনো অভিযোগ এখনো পাইনি।’