দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়ে নির্বাচনী আইন ভঙ্গ করছে। তারা একক প্রার্থী দেওয়ার নামে অন্য প্রার্থীদের নির্বাচন থেকে বিরত করছে। এটা নির্বাচনী আইনের মারাত্মক লঙ্ঘন। অথচ নির্বাচন কমিশন এ নিয়ে কিছুই বলছে না, করছে না।
গতকাল মঙ্গলবার রাজধানীর মুক্তি ভবনে ‘চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন এবং স্থানীয় সরকার সংস্কার প্রসঙ্গ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এ বৈঠকে স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা স্থানীয় সরকারের সাবেক প্রতিনিধিরা বক্তব্য দেন।
বৈঠকে মূল বক্তব্যে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, দেশের প্রথম উপজেলা পরিষদ গঠন করেছিলেন তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি তাঁর ক্ষমতাকে পোক্ত করতে উপজেলা ব্যবস্থা চালু করলেও তা স্থানীয় সরকারের ক্ষমতায়নে সূচনা করেন। তাই বর্তমান সরকার যে উদ্দেশ্য নিয়েই উপজেলা নির্বাচন করুক না কেন, তা স্থানীয় সরকারব্যবস্থাকে অন্তত টিকিয়ে রাখতে ভূমিকা রাখবে।
তোফায়েল আহমেদ অভিযোগ করেন, উপজেলা নির্বাচন ঘিরে মন্ত্রী-সাংসদেরা তাঁদের প্রটোকলসহ এলাকায় অবস্থান করছেন। এটা নির্বাচনকে প্রভাবিত করছে। নির্বাচনী আইনের এই সুস্পষ্ট লঙ্ঘন করার পর নির্বাচন কমিশন এই সাংসদ-মন্ত্রীদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যানদের হলফনামায় সম্পদ বৃদ্ধির হার কম দেখা গেছে। অনেক স্থানে খুনিসহ নানা ধরনের অপরাধীরা নির্বাচনে দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশন এগুলো নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্থানীয় সরকারের নেতাদের মধ্যে যদি অপরাধীরা ঢুকে পড়েন এবং দুর্বৃত্তায়ন হয়, তাহলে দেশের জন্য বড় ধরনের রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, সরকার উপজেলা পরিষদ আইনে সাংসদদের উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে রেখেছে, যা এই ব্যবস্থাকে সাংসদদের নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। ফলে দেশে কখনোই স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী হবে না। তিনি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান এবং চিকিৎসাকেন্দ্রে শিক্ষক-চিকিৎসক নিয়োগ দেওয়ার ক্ষমতা স্থানীয় সরকারের হাতে ছাড়ার দাবি জানান। একই সঙ্গে নির্বাচনের পর উপজেলা আইন পরিবর্তন করে সাংসদদের উপদেষ্টা রাখার নিয়ম বাতিলের দাবি জানান।
আলী ইমাম মজুমদার আরও বলেন, বাংলাদেশটা হয়ে গেছে রাজা, রানি, রাজকন্যা, রাজপুত্র আর রাজবধূদের দেশ। দেশের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ে একজনের হাতে সব ক্ষমতা কুক্ষিগত করা হচ্ছে। উপজেলা চেয়ারম্যানদের মধ্যেও যাতে এই প্রবণনতা তৈরি না হয়, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের গ্রাম উন্নয়ন বেশি হয়েছে—এই তথ্য উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নামে যে স্থানীয় সরকারব্যবস্থা রয়েছে, তা ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে।
সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, উদ্দেশ্য যা-ই থাকুক না কেন, উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হলে তা হবে একটি ইতিবাচক ব্যাপার। ত্রুটিপূর্ণ আইন আর দুর্বল নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন হলে তা মন্দের ভালো হবে। কেননা, এর মধ্য দিয়ে স্থানীয় সরকারব্যবস্থাটি ২০১৯ সাল পর্যন্ত টিকে গেল। তবে সাংসদদের উপজেলা পরিষদের উপদেষ্টা রাখার বিষয়টি উচ্চ আদালতের রায়ের সুস্পষ্ট লঙ্ঘন। ফলে নির্বাচনের পরপরই বিধানটি বাতিল করতে হবে।