উপজেলা পরিষদ কার্যালয়ে কর্মকর্তাবিহীন কার্যদিবস!
রোববার সকাল নয়টা ৩০ মিনিট! উপজেলা পরিষদে কোনো দপ্তরের কক্ষ তখনো খোলেনি। ১০টার পর কয়েকটি দপ্তরের অফিস সহকারির দেখা মিলল। তাঁরা এসে দপ্তরের জানালা খোলা রেখে আবার দরজা বন্ধ করে চলে যান। তাঁদের কারও কারও পরনে ছিল লুঙ্গি। দিন পড়ে এলেও কোনো কর্মকর্তার দেখা মেলেনি। কর্মকর্তাবিহীন একটি পূর্ণ কার্যদিবস পার হয়ে যাওয়া উপজেলা পরিষদটি কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম। স্থানীয়দের অনেকে জানান, তাঁরা এখনো বিচ্ছিন্ন জনপথের বাসিন্দা। তাঁদের আরও বিচ্ছিন্ন করে রেখেছেন সরকারি কর্মকর্তারা। হাওরের এই উপজেলায় পদায়ন হলেই কার্যালয়ে না আসা তাঁদের অভ্যাসে পরিণত হয়ে যায়। এ কারণে এই অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কাজে কোনো গতি আসছে না। সরকারি কর্মকর্তাদের অনুপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোশতাক আহমেদ বলেন, ‘বাইম মাছকে যেমন ছাই দিয়েও ধরা যায় না, তেমনি হাওরে যাঁরা চাকরি করতে আসেন, তাঁদের কোনোভাবেই কর্মস্থলে উপস্থিত রাখা যায় না।’রোববার সকাল নয়টা থেকে ১০টা এবং দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত উপজেলা পরিষদে দুই দফা অবস্থান করে দেখা যায়, দিনটি ছিল কর্মকর্তাশূন্য একটি দিন। দুপুর ১২টা পর্যন্ত তালাবদ্ধ ছিল যুব উন্নয়ন কর্মকর্তা ও পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়। আর দিনের পুরো সময় বন্ধ ছিল পল্লি দারিদ্র্য বিমোচন কার্যালয়, তথ্যসেবা কেন্দ্র ও ইসলামি ফাউন্ডেশন। দেরিতে আসার কারণ জানতে চাইলে পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি ইসমাইল মিয়া বলেন, ‘দরজা বন্ধ থাকলে কী হবে, জানালা তো খোলা ছিল। অন্য একটি কাজে বাইরে গিয়েছিলাম। আমাদের স্যার এলপিআরে যাওয়ার পর এখন অফিস সহকারী আলফাজ উদ্দিনকে দিয়ে ওই কাজ চালানো হচ্ছে।’একই কারণ তুলে ধরলেন যুব উন্নয়ন কার্যালয়ের অফিস সহকারি আবদুল মান্নান। তিনি বলেন, ‘খেয়াল করে দেখবেন, আমার অফিসের জানালা কিন্তু বন্ধ ছিল না।’ কর্মকর্তা জিকরুল আমিনের না আসার কারণ তাঁর জানা নেই। ১২টার দিকে কার্যালয় খোলার কথা স্বীকার করে মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের পিয়ন সোহেল মিয়া বলেন, ‘চারজন নিয়ে এই অফিস। এখন একাই সামাল দিচ্ছি। স্যার (আলতাফ তালুকদার) ছুটিতে আছেন।’ এক বছর হয়ে গেলেও হিসাব রক্ষণ কর্মকর্তার নাম মনে রাখতে পারেননি ওই কার্যালয়ের পিয়ন ইয়াকুব মিয়া। ওই কর্মকর্তা কবে আসবেন তা তাঁর জানা নেই। সকালে স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ের উপজেলা প্রকৌশলীসহ সব কার্যালয়ে তালা ঝুলছিল। নয়টার দিকে লালন আহমেদ নামে এক পিয়ন এসে দরজা খুলে খালি গায়ে কক্ষ থেকে বেরিয়ে আসেন। গোসল করতে সোজা চলে যান পাশের পুকুরে। গোসল শেষে ১০টার পর কার্যালয় খোলেন। জনস্বাস্থ্য কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। সন্ধান করে রাজমিস্ত্রি আজিজুর রহমানের দেখা মেলে। তিনি জানান, দুই মাসে একবারের বেশি উপসহকারী প্রকৌশলী আলী আহমেদের দেখা তাঁরা পান না। ঢাকায় গিয়ে তাঁদের বেতনবহিতে স্বাক্ষর করিয়ে আনতে হয়। স্থানীয়দের মতে, তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাণীসম্পদ কার্যালয়। সকাল সাড়ে ১০টায় গিয়ে শুধু দেখা মেলে ওই কার্যালয়ের মাঠ সহকারী আবদুল হামিদের। হাওরের সব প্রাণীর দেখভালের দায়িত্ব এখন তাঁর ওপর। নিজেকে শতভাগ সফল দাবি করে হামিদ বলেন, ‘এক যুগ ধরে কর্মকর্তা নেই। তাতে কোনো সমস্যা হচ্ছে না।’ বেলা ১১টা পর্যন্ত পাওয়া যায়নি প্রকল্প বাস্তবায়ন, মৎস্য, কৃষি ও সমবায় কর্মকর্তাকে। সমাজসেবার কার্যালয়টি বেলা পৌনে একটায় খোলা হয়। কিন্তু কর্মকর্তা আসেননি। কারিগরি প্রশিক্ষক আশরাফুল আলম খান বলেন, ‘চারজন দিয়ে অফিস চলে। আজ আমি একাই। সোলায়মান স্যার দুই সপ্তাহে এক দিন অফিস করেন। কারণ, তাঁকে ভৈরব ও কুলিয়ারচরের দায়িত্বপালন করতে হয়।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কক্ষটি খোলা হয় ১১টার পর। সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম বলেন, শিক্ষা কর্মকর্তা আতাহার আলী ট্রেনিংয়ে (প্রশিক্ষণে) আছেন। ১১টার পর খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের গুদামরক্ষক শাহ আলম কার্যালয়ে এসে জানান, তাঁর স্যার হেফজুল বারী ভৈরব থেকে লঞ্চে রওনা হয়েছেন। ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের পিয়ন জহিরুল হক স্বীকার করেন, তাঁর স্যার জাহাঙ্গীর আলম সপ্তাহে এক দিনের বেশি আসতে পারেন না। তবে দুপুর ১২টার দিকে কার্যালয়ে আসেন নির্বাচন কর্মকর্তার দায়িত্বে থাকা আশরাফ উদ্দিন।অষ্টগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেবাস্টিন রেমা বলেন, অফিসে কর্মকর্তাদের অনুপস্থিতি হাওরের সাধারণ চিত্র হয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা হলো, এ উপজেলায় আটটি দপ্তর কর্মকর্তা শূন্য। অন্য উপজেলা থেকে প্রেষণা কর্মকর্তাদের এনে কাজ চালানো হচ্ছে।