উপজেলা পরিষদ কার্যালয়ের পাশেই ইটভাটা তৈরির চেষ্টা
সরকারি কোনো অনুমতি ছাড়াই কক্সবাজারের রামু উপজেলা পরিষদ কার্যালয়ের মাত্র এক শ গজের মধ্যে, মহাসড়কের পাশে অন্যের জমিতে জোর করে ইটভাটা তৈরির চেষ্টা চালাচ্ছেন স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী হাবিবুল হক। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করে ভুক্তভোগী নয়জন জমির মালিক ভাটার নির্মাণকাজ বন্ধ করার জন্য ৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।নীতিমালা অনুযায়ী, উপজেলার সদর ইউনিয়নের সীমানা থেকে তিন কিলোমিটার, আবাসিক এলাকা ও ফলের বাগান থেকে তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা হতে পারে না।অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রায় ত্রিশ বছর আগে তাঁদের মালিকানাধীন প্রায় সাত একর জমি ইটভাটার জন্য এজাজুল ওমর চৌধুরী ওরফে বাট্টু মিয়া নামের এক ব্যবসায়ীকে তাঁরা বার্ষিক ভাড়ার ভিত্তিতে ইজারা দেন। প্রায় ২৫ বছর চালু থাকলেও পাঁচ বছর আগে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ওই সব জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাট্টু মিয়া সম্প্রতি ওই ভাটার পুরোনো লাইসেন্স, ভাটায় স্তূপ করে রাখা মাটি ও সরঞ্জামসহ ওই জায়গাটি মৃত ফজল কবিরের ছেলে হাবিবুল হকের কাছে হস্তান্তর করেন। হাবিবুল জমির মালিকদের সঙ্গে কোনো আলাপ না করেই সেখানে নতুন করে ইটভাটা তৈরির কাজ শুরু করলে জমির মালিকেরা বাধা দেন। কিন্তু হাবিবুল হক প্রভাব খাটিয়ে জোর করে ভাটা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।বাট্টু মিয়া অবশ্য বলেছেন, জমি নয়, তিনি শুধু জমির ওপরের পরিত্যক্ত মাটি ও কিছু পুরোনো সরঞ্জাম বিক্রি করেছেন। ৬ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, ভাটার সীমানার উত্তরে নারকেলবীজ বাগানের উদ্যানতত্ত্ববিদের কার্যালয়, পূর্ব পাশে নির্মাণাধীন দোতলা বাড়ি, বিপণিবিতান, নার্সারি ও আশপাশে বেশ কয়েকটি সরকারি কার্যালয় ও বাসভবন। ভাটার পুরোনো পরিত্যক্ত কার্যালয়টি নতুন করে সংস্কার করা হচ্ছে এবং ইটভাটা তৈরি করতে পরিত্যক্ত মাটি সরানোর জন্য একটি বুলডোজার আনা হয়েছে।জমির মালিক মোস্তাক আহম্মদ ও প্রণব বড়ুয়া জানান, তাঁরা নয়জন জমির মালিক ইটভাটার জন্য আর জমি ইজারা দেবেন না বলে দেড় শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই করে অঙ্গীকার করেছেন। হাবিবুল হক বলেন, ‘আমি ওখানে পরিবেশবান্ধব চুল্লি তৈরি করে আধুনিক ইটভাটা স্থাপন করব।’ জোর করে ভাটা তৈরির বিষয়ে তিনি বলেন, ‘সব জমির মালিক ঠিক আছেন। শুধু একজন মালিক সমস্যা করছেন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, নীতিমালা অনুযায়ী ওই স্থানে ইটভাটা হতেই পারে না। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই হাবিবুল ভাটা তৈরির চেষ্টা করছেন। কাজ বন্ধ রাখার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।