উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে প্রকৌশলী লাঞ্ছিত
নিজেদের পছন্দের লোককে কাজ পাইয়ে দিতে রাজি না হওয়ায় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন এবং সাধারণ সম্পাদক গাজী আবদুল মতিনসহ দলটির লোকজন প্রকৌশলীকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে আসামি করে গতকাল রাতে মামলা করেছেন ওই প্রকৌশলী।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার ভাটামাথা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে দ্বিতীয় তলা নির্মাণের জন্য সম্প্রতি দরপত্র জমা হয়। ওই কাজের ব্যয় ধরা হয় প্রায় ৩০ লাখ টাকা। ২৬ জন ঠিকাদার এতে অংশ নেন। কয়েকজন ঠিকাদার প্রায় ১২ শতাংশ কম দর প্রস্তাব করেছেন। কিন্তু আওয়ামী লীগের নেতা শেখ বোরহান উদ্দিন পছন্দের লোককে শতকরা ১০ ভাগ বেশিতে ওই কাজ পাইয়ে দিতে প্রকৌশলীকে চাপ দেন। এতে প্রকৌশলী রাজি হননি। প্রত্যক্ষদর্শী ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, নিচতলায় প্রকৌশলীর। চেয়ারম্যান দুপুর ১২টার দিকে ওই প্রকৌশলীকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। তিনি সেখানে গেলে চেয়ারম্যানের পছন্দের লোককে কাজ দিতে তাঁকে আবার চাপ দেওয়া হয়। রাজি না হয়ে প্রকৌশলী চলে আসছিলেন। এ সময় বারান্দা থেকে টেনে-হিঁচড়ে তাঁকে চেয়ারম্যানের কার্যালয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এর একপর্যায়ে চেয়ারম্যানের লোকজন প্রকৌশলীকে কিল-ঘুষি মারেন।এ বিষয়ে যোগাযোগ করা হলে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার কার্যালয়ে এ ধরনের ঘটনা ঘটেনি।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল মতিন বলেন, ওই প্রকৌশলী জামায়াতে ইসলামীর লোক। তাঁকে লাঞ্ছনা করা হয়নি, ধমক দেওয়া হয়েছে। ঠিকাদার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহামঞ্চদ আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, প্রকৌশলীকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের বারান্দায় টেনে-হিঁচড়ে, কিল-ঘুষি মারা হয় বলে তিনি শুনেছেন। তবে ক্ষমা চাওয়ায় ঘটনার মীমাংসা হয়েছে বলে তিনি দাবি করেন।আখাউড়া উপজেলা প্রকৌশলী সানজিদ আহমেদ বলেন, ‘কাজ পাইয়ে দেওয়া নিয়ে ওই ঘটনা ঘটে।’ এ ব্যাপারে আর কিছু বলতে তিনি রাজি হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ বশিরুল হক ভূঁইয়া বলেন, একটি সভায় যোগ দিতে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় গেছেন। প্রকৌশলী লাঞ্ছিত হয়েছেন বলে তিনি শুনেছেন।