কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার জায়গা দখলমুক্ত করতে গিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে হামলার শিকার হয়েছেন মেয়র ও পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া। কিন্তু তাঁর নিহত হওয়ার গুজব ছড়িয়ে এহসানের সমর্থকেরা উপজেলা পরিষদ ও থানা ঘেরাও করেন। এ সময় তাঁর প্রতিপক্ষের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি ভাঙচুর করা হয়। পৌরসভা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পৌরসভার চন্দ্রগ্রাম মহল্লায় ঠিকাদারের লোকজন নর্দমা নির্মাণের কাজ করতে গেলে আওয়ামী লীগের সমর্থক দ্বীন ইসলাম, তাঁদের আত্মীয় মস্তু মিয়া ও অপু মিয়া তাতে বাধা দেন। খবর পেয়ে মেয়র তাঁর পরিষদের কাউন্সিলর আ. রহিম, হারুন উর রশিদ, মো. শাহজাহান, পীর হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাসউদকে নিয়ে ঘটনাস্থলে যান। জায়গাটি মাপজোখের সময় আওয়ামী লীগের সমর্থক তিনজন এসে আবারও বাধা দেন। জায়গাটি তাঁদের দাবি করে মেয়রের সঙ্গে তর্ক শুরু করেন তাঁরা। একপর্যায়ে মস্তু ও দ্বীন ইসলাম মেয়রের ওপর চড়াও হয়ে তাঁকে চড় ও কিলঘুষি মারেন। স্থানীয় লোকজন মেয়রকে উদ্ধার করেন। কিছু সময়ের মধ্যে শহরের বিভিন্ন মাইকে আওয়ামী লীগের সমর্থকদের হামলায় মেয়র নিহত হয়েছেন বলে গুজব ছড়ানো হয়। দুপুর দেড়টার দিকে লাঠিসোঁটা নিয়ে কয়েক হাজার মানুষ সড়কে নামেন। মিছিল নিয়ে তাঁরা উপজেলা পরিষদ ও থানা ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালান। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।পরে স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আফজাল হোসেন এসে মেয়রের ওপর হামলাকারীদের বিচার করা হবে বলে ঘোষণা দেন। এর মধ্যেই বিক্ষুব্ধ লোকজন চন্দ্রগ্রাম মহল্লার পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তাঁরা একটি মোটরসাইকেল ও দুটি পিকআপ ভ্যানও ভাঙচুর করেন। এতে মাহমুদুল হাসান নামের আওয়ামী লীগের এক সমর্থক আহত হন। এ ব্যাপারে মেয়র এহসান কুফিয়া বলেন, ‘আমার ওপর হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক। আমরা যে জায়গা দিয়ে নর্দমা করতে চেয়েছি, দ্বীন ইসলাম ও মস্তু মিয়া ওই জায়গা দখল করে রেখেছেন। দখলমুক্ত করতে গেলে তাঁরা আমার ওপর চড়াও হন।’ এ ব্যাপারে দ্বীন ইসলাম ও মস্তু মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মস্তু মিয়ার চাচাতো ভাই মাকসু মিয়া বলেন, ‘মেয়র যে জায়গা দিয়ে নর্দমা করতে চান, সেই জায়গা আমাদের পরিবারের।’সাংসদ আফজাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগের সমর্থকেরা মেয়রকে লাঞ্ছিত করলেও ঘটনাটি দলীয় নয়। মেয়র সবার। তাই অভিযুক্তদের কঠোর বিচার করার প্রক্রিয়া চলছে।’