উপজেলা পরিষদ নির্বাচনে যাচ্ছে সিপিবি-বাসদ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা। গতকাল বুধবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দল দুটির কেন্দ্রীয় নেতারা এই কথা জানান।
তাঁরা বলেন, গণতন্ত্রকে তৃণমূলে বিস্তৃত করা ও গণমানুষের ক্ষমতায়নের দাবিতে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দল দুটির স্থানীয় নেতারা। এ ছাড়া আওয়ামী লীগ ও বিএনপি বলয়ের বাইরে সিপিবি ও বাসদের পাশাপাশি অন্য বামপন্থী, প্রগতিশীল, গণতন্ত্রী, দেশপ্রেমিক দল ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সম্মিলিত প্রার্থী দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারের ক্ষমতায়নের বিষয় তুলে ধরে আগামী ৩ ফেব্রুয়ারি দেশব্যাপী ‘স্থানীয় সরকারের ক্ষমতায়ন দিবস’ পালনের ঘোষণা দেওয়া হয়। ওই দিন সিপিবি ও বাসদের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।