উপজেলা পরিষদ সংশোধন বিল চূড়ান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রীর অনুপস্থিতির কারণে উপজেলা পরিষদ সংশোধন বিল চূড়ান্ত করতে পারেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। সংসদে উত্থাপিত এ বিলটি গতকাল বৃহস্পতিবার কমিটির চূড়ান্ত করার কথা ছিল।কমিটির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে কমিটির সব সদস্য বৈঠকে উপস্থিত হলেও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আসেননি। ফলে উপজেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১০-এর বিষয়ে আলোচনা স্থগিত করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি রহমত আলী বলেন, উপজেলা পরিষদ বিলটি নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। তবে মন্ত্রী উপস্থিত না থাকায় আজ এটি নিয়ে তেমন আলোচনা হয়নি। তবে সংসদের আগামী অধিবেশনেই বিলটি সম্পর্কে কমিটি প্রতিবেদন দেবে বলে জানান তিনি।সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফ আলী খান, মোস্তফা জালাল মহিউদ্দিন ও আশরাফুন নেছা মোশারফ উপস্থিত ছিলেন।রহমত আলী বলেন, উপজেলা পরিষদ সংশোধন বিলে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দাবি বিবেচনা করা হচ্ছে।গত জুনে সংসদীয় কমিটির সভায় যোগ দিয়ে উপজেলা চেয়ারম্যানরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে মানতে অস্বীকৃতি জানান। এ ছাড়া কর্মকর্তাদের বার্ষিক গোপন প্রতিবেদন (এসিআর) দেওয়ার এখতিয়ারও চেয়েছেন তাঁরা।উপজেলা পরিষদে সাংসদ ও ইউএনওর কর্তৃত্বের আওতা নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতান্তরের কারণে উপজেলা পরিষদের কার্যকারিতায় এক ধরনের অচলাবস্থা চলছে। এই প্রেক্ষাপটে পরিষদকে কার্যকর করার জন্য সরকার বর্তমান আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে।