উপজেলা পরিষদে নারী সদস্যপদে নির্বাচন ১৫ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের ৪৭৮টি উপজেলা পরিষদে নারীদের জন্য সংরক্ষিত সদস্যপদে ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে, মনোনয়নপত্র বাছাই হবে ২৩ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। ভোট গ্রহণ করা হবে ১৫ জুন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন যথাক্রমে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা।
এ নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো প্রায় দেড় হাজার নারী সদস্য উপজেলা পরিষদে যোগ দেবেন। এর মাধ্যমে উপজেলা পরিষদ পূর্ণাঙ্গ রূপ পাবে। এর আগের উপজেলা পরিষদে নারী সদস্যদের পদে নির্বাচন না হওয়ায় উপজেলা পূর্ণাঙ্গ পরিষদের রূপ পায়নি।
উপজেলা পরিষদে নারী সদস্যপদের নির্বাচনে ভোটার হবেন সংশ্লি­ষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত নারী সদস্যরা। সদস্যপদে প্রার্থীও হবেন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত নারী সদস্যরা।
আইন অনুযায়ী, প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মোট সংখ্যার এক-তৃতীয়াংশের সমান সংখ্যক পদ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। কোনো উপজেলায় ১৫টি ইউনিয়ন/পৌরসভা থাকলে পরিষদে নারীদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা হবে পাঁচটি।