প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা
উপজেলা পরিষদে বসে উত্তরপত্র মূল্যায়নের নিয়ম পরিবর্তনের দাবি
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার উত্তরপত্র উপজেলা পরিষদ কার্যালয়ে বসে মূল্যায়ন করতে হবে পরীক্ষকদের। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ নিয়ম বাধ্যতামূলক করেছে। এতে দুর্গম ও প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের ভোগান্তি পোহাতে হবে। তাই এ নিয়ম পরিবর্তনের দাবি তুলেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল থেকে সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। গত রোববার সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পরীক্ষকদের নামে পাঠানো লিখিত আদেশে উল্লেখ করা হয়েছে, ১ ডিসেম্বর বেলা দুইটায় পরীক্ষকেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে মূল্যায়নের জন্য উত্তরপত্র গ্রহণ করবেন। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে বসে উত্তরপত্র মূল্যায়ন করতে হবে। ৫ ডিসেম্বরের মধ্যে ওই কাজ সমাপ্ত করে নম্বর ফর্দসহ সংশ্লিষ্ট প্রধান পরীক্ষকের কাছে জমা দিতে হবে। পরীক্ষক হিসেবে দায়িত্ব পাওয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসার একাধিক শিক্ষক ক্ষোভের সঙ্গে প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদ কার্যালয়ে প্রতিদিন গিয়ে উত্তরপত্র মূল্যায়ন করা কষ্টকর হবে। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ের শিক্ষকদের জন্য। অনেক সময় কাজ শেষ করতে রাত হয়ে যাওয়ায় বাড়ি ফেরার সময় যানবাহন পাওয়া যাবে না। নাশতা ও যাতায়াত খরচের টাকাও পরীক্ষকদের বহন করতে হয়। এ ছাড়া উপজেলা পরিষদ কার্যালয়ের একটি কক্ষে সব পরীক্ষককে গাদাগাদি করে বসে কাজ করতে হবে। পর্যাপ্ত চেয়ার-টেবিল না থাকায় অনেককে মেঝেতে বসেও উত্তরপত্র মূল্যায়ন করতে হতে পারে। শিক্ষকেরা প্রশ্ন তুলে বলেন, জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) ও জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার উত্তরপত্র উপজেলা পরিষদ কার্যালয়ে বসে মূল্যায়ন করতে হয় না। অথচ প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় এ নিয়ম বাধ্যতামূলক করা কতটুকু যুক্তিসংগত হলো? শিক্ষকদের ভাষ্যমতে, বাড়িতে বসে উত্তরপত্র মূল্যায়নের সুযোগ দিলে ভালোভাবে করা যেত। তাই নিয়মটি পরিবর্তনের দাবি জানান তাঁরা।এ ব্যাপারে জানতে চাইলে উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন চন্দ বলেন, ‘এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। আর উপজেলা পরিষদের হলরুমে পরীক্ষকদের বসার ভালো ব্যবস্থা করা হবে। এ ছাড়া আগের বছর (২০১১) পরীক্ষকেরা প্রতিটি খাতা মূল্যায়নের বিপরীতে পাঁচ টাকা করে পেতেন। এবার আরও এক টাকা বাড়ানো হয়েছে।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা গত সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ফলাফল দেওয়ার স্বার্থে উপজেলা পরিষদ কার্যালয়ে বসে উত্তরপত্র মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।’