স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করেন সাংসদেরা। স্থানীয় সরকার প্রতিনিধিদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। সব জায়গাতেই সাংসদেরা খবরদারি করেন। সরকার উপজেলা পরিষদকে হুমকি মনে করে। উপজেলা পরিষদের উপদেষ্টা থেকে সাংসদদের সরানো উচিত।সুনামগঞ্জে ‘বাংলাদেশের স্থানীয় শাসন ও বিকেন্দ্রীকরণের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। গত সোমবার সন্ধ্যায় শহরের এলজিইডি মিলনায়তনে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি) এ মতবিনিময়ের আয়োজন করে। এতে জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, প্রকৌশলী, চিকিৎসক, গণমাধ্যমকর্মী, ব্যবসাীয়সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। মতবিনিময়ে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, ‘আমাদের কোনো কাজ নেই। পরিষদ চলে সাংসদের আদেশ-নির্দেশে। আমরা মোটেই স্বাধীন নই। কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এটা সারা দেশের চিত্র। সাংসদদের উপদেষ্টা পদ থেকে সরানো উচিত।’ সুনামগঞ্জের ইতিহাস-ঐতিহ্য গ্রন্থের লেখক ও প্রবীণ আইনজীবী আবু আলী সাজ্জাদ হোসাইন বলেন, ‘সরকার আসলে উপজেলা পরিষদকে কাজ করতে দিতে চায় না। সরকার উপজেলা পরিষদকে হুমকি মনে করে। তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত।’ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ুন মনজুর চৌধুরী বলেন, ‘দেশের মানুষ আসলে দুই দলের ঘূর্ণিবৃত্তে পড়ে গেছে। কোনো সরকারই স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করতে উদ্যোগী হয়নি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদুল হক খানের সঞ্চালনায় মতবিনিময়ে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক পরিমল কান্তি দে, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম, চিকিৎসক সালেহ আলমগীর, সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলিনা আক্তার প্রমুখ।