
সাতক্ষীরায় তালা উপজেলা পরিষদের ভেতরের রাস্তা উঁচু করাসহ সংস্কারে মাটি ভরাটের কাজ চলছে। কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজে ব্যবহার করছে।
এতে উপজেলা প্রশাসনেরও সায় রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, আইনগতভাবে নদের ওই অংশ থেকে বালু উত্তোলনের অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরে তালা উপজেলা পরিষদের ভেতরের রাস্তা উঁচু করাসহ সংস্কারকাজে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পায় সাতক্ষীরার ঠিকাদারি প্রতিষ্ঠান এএস ইন্টারন্যাশনাল।
গত মে মাসে প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। কাজটি ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি।
তালা সদরের পুরোনো থানা এলাকার পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, নদের ওই এলাকা থেকে দুটি খননযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। পাইপের মাধ্যমে প্রায় দুই হাজার ফুট দূরে উপজেলা পরিষদ চত্বরে সেই বালু ফেলা হচ্ছে। এই বালু সেখান থেকে নিয়ে উপজেলা পরিষদের ভেতরের রাস্তা উঁচু করা হচ্ছে।
পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী প্রবীর গোস্বামী বলেন, ‘নদের যে স্থান থেকে মাটি তোলা হচ্ছে, ওই এলাকায় ২০১৫ সালে খননকাজ শেষ হয়েছে। সেখান থেকে কারও বালু তোলার কথা নয়। অবৈধভাবে বালু তোলার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইয়াছিন আলী বলেন, ‘নদের মাঝখান থেকে বালু তোলা হচ্ছে। ফলে কোনো ক্ষতির আশঙ্কা নেই। বরং তলদেশ গভীর হলে নদে পানির প্রবাহ বাড়বে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
আইন অনুয়ায়ী সরকারি স্বার্থে বালু তোলা যায় উল্লেখ করে ইউএনও মো. ফরিদ হোসেন বলেন, ‘জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করেই বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। হাতে জুতা নিয়ে অফিসে আসতে হয়। সরকারি বাসভবনে আমি ছাড়া অন্য কোনো কর্মকর্তা থাকেন না। বাধ্য হয়ে পরিষদের ভেতরে রাস্তা ও কিছু স্থান উঁচু করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
স্থানীয় কয়েকজন জানান, কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গত ১৬ জুলাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন মো. ফরিদ হোসেন।
এ সময় বালু তোলার সরঞ্জামও জব্দ করা হয়। অথচ এখন উপজেলা প্রশাসনের সম্মতিতে কপোতাক্ষ নদ থেকে বালু তুলে ঠিকাদার উপজেলা পরিষদের রাস্তা উঁচু করছেন। এতে অন্যরা অবৈধভাবে বালু উত্তোলন করতে উৎসাহী হবে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. জসিম বলেন, কপোতাক্ষ থেকে বালু তোলার বিষয়টি তাঁর জানা নেই। কার্যাদেশে যে মানের বালুর কথা বলা হয়েছে, ওই মানের বালু ঠিকাদার সরবরাহ করলে তাঁদের আপত্তি নেই।