উপজেলা পরিষদের জায়গা দখল ও বিক্রির অভিযোগ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক প্রশাসনিক ভবনের জায়গা দখল করে সেখানে রাতারাতি দোকানপাট নির্মাণ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও প্রভাবশালী ব্যক্তিরা এসব জায়গা দখল করেছেন। এ ছাড়া ফাঁকা জায়গায় মাটি ভরাটের কাজ চলছে। উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শুকুর আলীও সরকারি জায়গা দখলে নিয়ে দোকানপাট নির্মাণ করে ভাড়া দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।২৬ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, উপজেলার গজারিয়া ইউনিয়নে অবস্থিত যমুনা নদীর তীরেই উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন। ভবনের পূর্বদিকে যমুনা নদী। তিনদিকে প্রশাসনিক ভবন ঘেেঁষ সেখানে পাকা ও টিনসেডের বিভিন্ন দোকান গড়ে উঠেছে। নদীভাঙনের আশঙ্কায় ২০০৪ সালে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যালয়টি একই উপজেলার উদাখালী ইউনিয়নের কালিরবাজারে স্থানান্তর করা হয়। তখন থেকে রক্ষণাবেক্ষণের অভাবে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনসহ পুরাতন প্রশাসনিক ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে। এই সুযোগে উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমানসহ শতাধিক রাজনীতিক ও প্রভাবশালী পরিষদের জায়গা দখল করে নেন। উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উপজেলা পরিষদের জায়গায় আমার কোনো ঘর নেই।’ উপজেলা যুবদলের সভাপতি ওহিদুল হক বলেন, ‘পরিষদের জায়গায় আমার দোকানঘর আছে। তবে লিজ নেওয়ার কথাবার্তা চলছে।’উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শুকুর আলীও পরিষদের জায়গা দখল করে চারটি দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এ ছাড়া নিচু জায়গা দখল করে ভরাট করছেন তিনি। শুধু তা-ই নয়, প্রতি শতক ১৫-২০ হাজার টাকায় চরাঞ্চলের লোকজনকে দখল বুঝে দিচ্ছেন বলেও অভিযোগ আছে। তবে শুকুর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, কিছুদিন আগে অবৈধ দখলদারদের সঙ্গে আলোচনা করে তাদের মাসিক ভাড়া প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দখলদারেরা তাতে সাড়া দেননি। তাই তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। ইউএনওর বাসভবন ঘেঁষে অবৈধভাবে নির্মাণ করা দোকানের মালিক আনিছুর রহমান বলেন, ‘জায়গা পড়ে আছে, তাই ভোগদখল করছি। সরকার চাইলে ছেড়ে দেব।’ পাশের দোকানি আবদুল খালেক বলেন, ‘এলাকার অনেকে সরকারি জায়গা বেদখল করে দোকানঘর নির্মাণ করেছে। তাই আমিও ঘর তুলে ব্যবসা করছি। কিন্তু কেউ উচ্ছেদের কথা বলেনি।’ ইউএনও মেহেদি-উল-সহিদ প্রথম আলোকে বলেন, অবৈধ দখলদারদের তালিকা তৈরির জন্য উপজেলা ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে। ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’