উপজেলা পরিষদের জায়গায় এবার আ.লীগের কার্যালয়
বগুড়ার ধুনট উপজেলা পরিষদের সরকারি জায়গায় এবার আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। এর আগে ২০১১ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের সাবেক চেয়ারম্যান ওই স্থানে মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে বিপণিবিতান নির্মাণ করেছিলেন। সেই বিপণিবিতানের পাশেই এবার আওয়ামী লীগের দলীয় কার্যালয় তোলা হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, ধুনটের সোনামুখী সড়কে কেন্দ্রীয় জামে মসজিদের পাশের জায়গায় ছয় মাস আগেও টিনের বেড়া দিয়ে তৈরি একটি হেফ্জখানার ঘর ছিল। স্থানীয় লোকজন কয়েক দিন আগে শিক্ষার্থীদের অন্যত্র একটি ঘর করে দেন। শিক্ষার্থীরা অন্যত্র চলে যাওয়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লোকজন নিয়ে দুই সপ্তাহ ধরে সেই স্থানে আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের জন্য প্রায় ৭ শতাংশ জায়গাজুড়ে পাকাঘর নির্মাণ শুরু করেছেন।
শফিকুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাইসহ অন্য নেতাদের অর্থে উপজেলা পরিষদের জায়গায় দলীয় কার্যালয় নির্মাণ করা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহসিন আলম বলেন, ‘আমার নাম ব্যবহার করে ওই জায়গার জন্য পরিষদে আবেদন করা হয়েছে।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই বলেন, ‘আমি ও আমার দলের নামে কে বা কারা পরিষদের জায়গায় কার্যালয় নির্মাণ করছে, জানি না। এই কার্যালয় নির্মাণের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০১১ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সরকারি জায়গা দখল করে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক অবৈধভাবে বিপণিবিতান নির্মাণ করেন। অভিযোগ পেয়ে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সাংসদ হাবিবর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। ইউএনও আতাউল গনি ওই বছরের ১৩ অক্টোবর নির্মাণকাজ বন্ধ করে দেন। পরে নুরুন্নবী তারিক ২৭ অক্টোবর উপজেলা পরিষদের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে পরিষদের খালি জায়গায় অস্থায়ীভাবে দোকানঘর নির্মাণের অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেন। কিন্তু মন্ত্রণালয় এর অনুমতি দেয়নি। অনুমতি না পেলেও চেয়ারম্যান সেখানে বিপণিবিতান নির্মাণ করে শতাধিক দোকানঘর ভাড়া দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহসিন আলম বিপণিবিতানের পাশে উপজেলা পরিষদের জায়গায় কার্যালয় স্থাপনের আবেদন করেন।
টি আই এম নুরুন্নবী তারিক বলেন, ‘মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পর পরিষদের জায়গায় বিপণিবিতান নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে কে বা কারা পরিষদের জায়গায় দলীয় কার্যালয় নির্মাণ করছে, তা আমার জানা নেই। মোহসিন আলমের নামে আবেদন করা হলেও পরিষদ থেকে অনুমতি দেওয়া হয়নি।’