উপজেলা পরিষদের নিরাপত্তায় বাঁশের বেড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২৯ বছর উন্মুক্ত থাকার পর নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বর প্রাচীর দিয়ে ঘেরা হলো। তবে ইট-বালুর দেয়ালে নয়; বাঁশের বেড়ায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে ৫৬ বিঘা এলাকাজুড়ে উপজেলা পরিষদ গঠন করা হয়। শুরু থেকেই উপজেলা পরিষদ চত্বর উন্মুক্ত রয়েছে। ২৯ বছরে থেমে থেমে বেশির ভাগ পরিষদ এলাকাই সীমানাপ্রাচীরে আবদ্ধ হয়েছে। তৈরি হয়েছে দুটি পয়েন্টে স্টিলের গেট। কিন্তু প্রধান সড়কের পাশ ঘেঁষে প্রায় ৫০০ মিটার এলাকা এখনো উন্মুক্ত। ফলে বিভিন্ন সময় অফিসে চুরির ঘটনা ঘটছে। যথেচ্ছভাবে গরু-ছাগল পরিষদের ভেতর ঢুকে নষ্ট করেছে আম ও বিভিন্ন প্রজাতির ফুলগাছ।

 তা ছাড়া অফিস ছুটির পর পরিষদ এলাকায় মাদকসেবীদের আড্ডা বেড়েছে, যাতে করে পরিষদ চত্বরের পরিবেশ নষ্ট হচ্ছে। বিঘ্নিত হচ্ছে এলাকাটির নিরাপত্তা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, রাজস্ব খাত থেকে এত টাকা ব্যয় করে সীমানাপ্রাচীর নির্মাণের সুযোগ নেই। তারপরও পরিষদের দুটি স্থানে স্টিলের গেট নির্মাণ করা হয়েছে। যথেচ্ছভাবে গরু-ছাগল ও মাদকসেবীদের আড্ডা বন্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তার বলেন, এত বছর অরক্ষিত ছিল। প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক লাখ টাকা ব্যয়ে বাঁশের বেড়া দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। এতে কিছুটা হলেও পরিষদ চত্বর সুরক্ষিত হয়েছে। তবে সীমানাপ্রাচীর নির্মাণের জন্য প্রায় এক বছর আগে ৪৩ লাখ টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি এখনো আলোর মুখ দেখেনি।