উপজেলা পরিষদের বর্ধিত ভবনের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ প্রকল্পের কাজ আটকে আছে। ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা নিয়ে স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্বের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
নির্মাণকাজের জায়গায় গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদ কমপ্লেক্সের পেছনের দিকে সম্প্রসারিত ভবন নির্মাণের জন্য জায়গা প্রস্তুত রাখা হয়েছে। এর এক পাশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের নামসংবলিত শ্বেতপাথরের একটি নামফলক নির্মাণ করা হয়েছে। ওই ফলকের পাশে পড়ে আছে সাংসদ স্বপন ভট্টাচার্যের নামফলকের ভাঙা অংশ। অন্য পাশে কিছু রড রাখা আছে।
জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান ইপি-জেডকে (জেভি) এর অংশীদার জিল্লুল করীম বলেন, ‘উদ্বোধন নিয়ে এমপি ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে গন্ডগোল চলছে। এমপি বলেন, কাজ বন্ধ করো। উপজেলা চেয়ারম্যান বলেন, চালু করো। দুই মাস ধরে ৪০ টন রড পড়ে আছে। কাজ শুরু করতে পারছি না। এদিকে প্রকল্পের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে।’
সাংসদ স্বপন ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘পরিপত্র অনুযায়ী মন্ত্রী বা স্থানীয় সংসদ সদস্যের উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করার কথা। অথচ নিয়মবহির্ভূতভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজমিস্ত্রি ও কিছু সন্ত্রাসী নিয়ে আমার নামফলক ভেঙে জোর করে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে আসেন। উদ্বোধনের সময় কোনো প্রকৌশলী বা প্রশাসনের লোক ছিলেন না। পরে আর আমি ওই কাজের উদ্বোধন করতে যাইনি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘কে বা কারা সাংসদের নামফলক ভেঙে দিয়েছে, তা আমার জানা নেই। তবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আমি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছি। আর সাংসদ কাজের উদ্বোধন করবেন কি না, তা তিনি উপজেলা পরিষদকে অবহিত করেননি।’
এলজিইডি মনিরামপুর কার্যালয়ের উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান বলেন, ‘আশা করছি, নতুন ভবনের কাজ শিগগিরই শুরু করা যাবে। উদ্বোধনের জটিলতার কারণে এত দিন কাজ শুরু করা যায়নি।’