উপজেলা পরিষদের সদস্য কাউন্সিলর পদে নির্বাচিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদের সদস্য হওয়ার পরও লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে জাহান আরা বেগম মহিলা কাউন্সিলর হিসেবে বিধি বহির্ভূতভাবে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সরকার (পৌরসভা) ২০০৯-এর প্রণীত আইনের (তৃতীয় অধ্যায়) ১৯ অনুচ্ছেদের উপধারা ২-এর (ড)-তে বলা হয়েছে, কোনো ব্যক্তি মেয়র বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, যদি অন্য কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা জাতীয় সংসদের সদস্য হন।

জাহান আরা বেগম বলেন, ‘উপজেলা পরিষদের সংরক্ষিত আসন থেকে এখনো পদত্যাগ করিনি। ওই পদে থেকে কাউন্সিলর নির্বাচন করা যায়।’

নির্বাচনী কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহান আরা বেগম রামগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত আসন-৪-এর সদস্য। এ পদ থেকে পদত্যাগ না করেই তিনি কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ের সময় বিষয়টি আলোচনায় আসে। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু ইউসুফ গতকাল সোমবার বলেন, ‘উপজেলা পরিষদের সংরক্ষিত আসন থেকে জাহান আরা বেগম এখনো ভাতা পাননি। তিনি এখনো সরকারি সুবিধা নেননি। তাই তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করি। আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো পদে থেকে কাউন্সিলর নির্বাচন করার সুযোগ নেই। নির্বাচন করতে হলে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন। এর আগে প্রার্থী হতে পারবেন না।