সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা হলরুমে গত রোববার মাসিক সমন্বয় সভা চলাকালে হাটবাজারের ইজারা নিয়ে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে মতানৈক্য হওয়ায় সাংসদসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সব চেয়ারম্যান সভা বর্জন করেছেন।সভায় উপস্থিত সদস্যদের সূত্র থেকে জানা গেছে, ১ মার্চ উল্লাপাড়া উপজেলা পরিষদের আওতায় ২১টি হাটবাজারের দরপত্র আহ্বান করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ দরদাতাদের মধ্যে ইজারা দেওয়ার কথা। এর সূত্র ধরে সর্বোচ্চ দরদাতাকে ১৯টি বাজারের ইজারা দেওয়া হলেও বড়হর ও বোয়ালিয়া বাজারের সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়া থেকে বন্ধ রাখা হয়। রোববার মাসিক সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করে ইজারা দেওয়ার জন্য বলা হলে এ নিয়ে সভায় উপস্থিত সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে ইউপি চেয়ারম্যানের বিতর্ক হয়। একপর্যায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাট ইজারা দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত দিলে সব সদস্য সভা বর্জন করে বেরিয়ে যান।ইউপি চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক গাজী খোরশেদ আলম বলেন, ‘অনিয়মতান্ত্রিকভাবে কাজ করার কারণে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে নিজের পছন্দের ব্যক্তিকে সর্বনিম্ন দরে ইজারা দেওয়ায় আমরা প্রতিবাদ জানাতে সভা বর্জন করেছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম আজাদ জানান, দরপত্র আহ্বানের পর ইজারা-নীতিমালার আলোকে সদস্যদের সম্মতির ভিত্তিতে ইজারা দেওয়ার জন্য সুপারিশ করে উপস্থাপন করা হয়। এরপর বিষয়টি নিয়ে উপস্থিত সদস্যদের মধ্যে কথাবার্তার একপর্যায়ে তাঁরা সভা থেকে চলে যান।এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহেদুল হক বলেন, ‘এর আগে মাসিক সমন্বয় সভায় উপস্থিত সদস্যদের কোরাম পূর্ণ না হওয়ায় এর অনুমোদন দেওয়া হয়নি। সরকারের রাজস্ব আয় কম হচ্ছে, সে কারণে এ দুটি হাটের অনুমোদন দেওয়া হয়নি। চেয়ারম্যানরা অন্যায়ভাবে বিশেষ সভা বর্জন করেছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’