উপজেলা পরিষদের সাত দপ্তরে চোরের হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ পরিষদ কমপ্লেক্সের সাতটি সরকারি দপ্তরে চোরের দল হানা দিয়েছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চোরেরা দপ্তরগুলোর দরজার তালা ভেঙে ভেতরে ফাইলপত্র তছনছ করে রেখে যায়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিষদ কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা রোববার কর্মদিবস শেষে নিজ নিজ কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে চলে যান। এরপর গতকাল সকালে সাতটি দপ্তরের দরজার তালা ভাঙা, ভেতরের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্রের তালা ভাঙা এবং দাপ্তরিক বিভিন্ন ফাইলপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। সাতটি দপ্তর হলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাব শাখা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, নির্বাচন কর্মকর্তার কার্যালয়, মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। জানতে চাইলে নিজ দপ্তরসহ সাতটি দপ্তরে চোরের হানা দেওয়ার ঘটনা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান। তিনি প্রথম আলোকে বলেন, সবগুলো দপ্তরের কাগজপত্র তছনছ করলেও কোনো কিছু খোয়া যায়নি।সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, খবর পেয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিদর্শন করেছেন। চোরেরা টাকা-পয়সার আশায় ওই ঘটনা ঘটিয়েছে বলে মনে হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান ওসি।