চালের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে দু-এক দিনের মধ্যে উপজেলা পর্যায়ে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম শুরু করবে সরকার। এ ছাড়া উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত পাঁচ জেলা, জামালপুরের নদীভাঙন-কবলিত এলাকার জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচি শুরু হচ্ছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে গতকাল রোববার এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, চাল ও আটার দাম অস্বাভাবিক বৃদ্ধি রোধে মিলগেট থেকে বাজার পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে। এ জন্য খাদ্য মন্ত্রণালয়ে একটি আলাদা সেল গঠন করা হবে। বৈঠক শেষে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানান, গত রমজান মাসের পর থেকেই চালের বাজার ঊর্ধ্বমুখী। বর্তমানে চালের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে মন্তব্য করে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণের জন্য ব্যবসায়ীরা ওএমএসের আওতা বাড়ানোর সুপারিশ করেছেন।বর্তমানে ঢাকা শহরের ১০০টি স্থানসহ বিভাগীয় ও জেলা শহরে ডিলারের মাধ্যমে ট্রাকে করে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি কেজি ২৪ টাকা করে বিক্রির জন্য মাসে ২৫ হাজার টন চাল ওএমএস কার্যক্রমের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।সূত্র জানায়, গতকাল বৈঠকে উপস্থিত চাল ব্যবসায়ীরা জানান, আশ্বিন-কার্তিক মাসে সাধারণত দেশে চালের দাম বাড়ে। ঈদের পর চালের দাম কিছুটা বাড়লেও বর্তমানে বাজার নিম্নমুখী। মিলগেট থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত দামের পার্থক্য যাচাই করা প্রয়োজন। বর্তমানে চালকলের মালিক ও কৃষকদের কাছে যে ধান মজুদ আছে, তা আর বেশি দিন রাখা যাবে না। দেড় মাসের মধ্যেই আমন ধান বাজারে আসবে।বৈঠকে খাদ্য বিভাগের কর্মকর্তারা বলেন, কুষ্টিয়া কিংবা নওগাঁয় মিলগেটে ৩৬ টাকা করে বিক্রি হওয়া চাল ঢাকার আড়তগুলোতে এসে ৩৯ টাকা হয়ে যাচ্ছে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৪২ টাকায়। মিলগেট থেকে খুচরা বাজার পর্যন্ত প্রতি কেজি চালের মূল্য চার থেকে পাঁচ টাকা বৃদ্ধির বিষয়টি অস্বাভাবিক।বৈঠকে উত্তরবঙ্গের চালকলের মালিক এবং ঢাকা ও চট্টগ্রামের চাল ব্যবসায়ীরা অংশ নেন। সভায় খাদ্যসচিব বরুণ দেব মিত্র, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, খাদ্য বিভাগের যুগ্ম সচিব ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকের পর খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সরকারের খাদ্যশস্য সংগ্রহ অভিযান বলতে গেলে ব্যর্থই হয়েছে। তবে আমরা খাদ্যনিরাপত্তা অর্জনের ক্ষেত্রে ব্যর্থ নই।’ তিনি আরও বলেন, ‘আমরা বিদেশ থেকে ছয় লাখ টন চাল আমদানির প্রক্রিয়া শুরু করেছি। ভিয়েতনাম, পাকিস্তান ও ভারত থেকে এসব চাল আসবে। ইতিমধ্যে বন্দরে ১২টি জাহাজ এসে ভিড়েছে। এসব জাহাজ থেকে চাল খালাস হচ্ছে। সবাই নিশ্চিত থাকতে পারেন, দেশে খাদ্যের কোনো সংকট নেই।’আটার অস্বাভাবিক দাম বাড়ার বিষয়ে আবদুর রাজ্জাক বলেন, ‘আন্তর্জাতিক বাজারে গমের দাম ঊর্ধ্বমুখী। আমরা চেষ্টা করলেই তা কমাতে পারব না। আটার দাম নিয়ন্ত্রণের জন্য একটি দাম-পর্যবেক্ষণ সেল গঠন করা হবে।প্রসঙ্গত, ঈদের পর রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে বিভিন্ন ধরনের চালের দাম কেজিপ্রতি দুই থেকে চার টাকা পর্যন্ত বেড়ে যায়। বর্তমানে প্রতি কেজি মোটা চাল ৩৪ টাকায় বিক্রি হচ্ছে। এই দাম বাড়ার জন্য চালকলের মালিকদের দায়ী করেছেন ব্যবসায়ীরা। তবে চালকলের মালিকেরা বলেছেন, ধানের সরবরাহ কম।