উপজেলা পর্যায়ে ওএমএস চাল বিক্রি শুরু হচ্ছে
সরকার উপজেলা পর্যায় পর্যন্ত খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম (ওএমএস) শুরুর সিদ্ধান্ত নিয়েছে। খুব দ্রুতই দেশের বেশির ভাগ উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণ হচ্ছে। গতকাল মঙ্গলবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক এ কথা জানিয়েছেন। সরকারি খাদ্যগুদামে সাড়ে আট লাখ টন চাল রয়েছে, এ কথা উল্লেখ করে আবদুর রাজ্জাক বলেন, শহর এলাকায় ওএমএস চাল বিক্রির ফলে মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে। ভবিষ্যতে যাতে আর দাম বাড়তে না পারে, সে জন্য সরকার ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করার পরিকল্পনা নিয়েছে। রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত কানাডার কৃষিপণ্য শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, কানাডার কাছ থেকে স্বল্পমূল্যে ডাল ও গম কিনতে চেয়েছে বাংলাদেশ। কৃষি গবেষণায়ও কানাডাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকার। খাদ্যমন্ত্রী বলেন, ধান-চাল উত্পাদনে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ। কিন্তু দেশে গমের উত্পাদন চাহিদার তুলনায় অনেক কম। সরকার চাহিদা পূরণে বিদেশ থেকে গম আমদানি করে থাকে। কানাডা স্বল্পমূল্যে গম সরবরাহ করে বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করতে পারে। কানাডার একটি কৃষিপণ্য ব্যবসায়িক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর উপলক্ষে কানাডা হাইকমিশন এ সেমিনারের আয়োজন করে।খাদ্যমন্ত্রী বলেন, গম ও ডালের উত্পাদন এখনো চাহিদার তুলনায় অনেক কম। কানাডায় গম ও ডালের উত্পাদন অত্যন্ত ভালো। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে প্রতিবছর কানাডা প্রায় সাত কোটি ডলার সহায়তা করে থাকে। সেমিনারে বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল, কানাডার চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাসুদ রহমান, সাসকাচুয়ান ট্রেড অ্যান্ড এক্সপোর্ট পার্টনারশিপের টিম মার্শাল, কানাডার কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি ডলে রিসুয়াল।