উপজেলা পর্যায়ে কৃষি প্রকৌশলী নিয়োগের সুপারিশে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যেক উপজেলায় কৃষি প্রকৌশলীর পদ সৃষ্টির সুপারিশকে স্বাগত জানিয়ে গতকাল রোববার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রা বের করেছেন।গতকাল বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের বিভিন্ন বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী ওই আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি অনুষদ ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবার অনুষদে গিয়ে শেষ হয়। পরে অনুষদের গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষি প্রকৌশল ছাত্র সমিতির আহ্বায়ক বেলাল হোসেন। ১৯ মে সংসদ ভবনে কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভায় প্রতি উপজেলায় কৃষি প্রকৌশলী পদে নিয়োগের সুপারিশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র সমিতির সদস্য-সচিব খলিলুর রহমান, সদস্য দিতি সাহা প্রমুখ।