উপজেলা পর্যায়ে খোলা বাজারে চাল বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালের মূল্য সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে দেশের প্রতিটি উপজেলায় খোলাবাজারে চাল বিক্রি বা ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে। এর আগে ঢাকা শহরের ১০০টি স্থানসহ বিভাগীয় ও জেলা শহর পর্যন্ত ট্রাকে করে ওএমএস চালু করা হয়েছিল। গতকাল বুধবার তা উপজেলা পর্যায়ে পর্যন্ত চালু করা হয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্র এ কথা জানিয়েছে।সূত্র জানায়, জেলা পর্যায়ে ওএমএসের চাল বিক্রি কার্যক্রম তদারক করে প্রতিবেদন দেওয়ার জন্য খাদ্য বিভাগকে নির্দেশ দিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে ওএমএস কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। খাদ্যসচিব জানান, চালের দাম সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে হলে ওএমএস কার্যক্রম পুরোপুরি সফল করতে হবে। ঢাকা শহর থেকে উপজেলা পর্যায় পর্যন্ত মনিটরিং জোরদার করতে হবে। তিনি নিয়মিত কাজের পাশাপাশি ওএমএস কার্যক্রম সফল করতে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। সভায় ঢাকা শহরের বিভিন্ন এলাকার দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের ওএমএস কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়। চালের মান, ওজন, ক্রেতার অভিমত এবং ওএমএসের জন্য নির্ধারিত স্থানের বিষয়ে ভালোভাবে পর্যবেক্ষণের দিকনির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিদিন লিখিত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়।রমজান মাসে চালু হওয়া এই কর্মসূচি ঈদুল ফিতর উপলক্ষে কয়েক দিন বন্ধ থাকার পর গত ২৩ সেপ্টেম্বর আবার চালু করা হয়। প্রতিকেজি চালের দাম ২৪ টাকা এবং প্রতিজন একবারে পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্রের সভাপতিত্বে সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান, যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।