উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম অব্যাহত রাখুন: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের সংক্রমণে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের উপজেলা পর্যায়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির কার্যক্রম অব্যাহত রাখতে বলেছেন হাইকোর্ট। আদালতের নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে প্রতিবেদন দাখিলের পর আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে গত ৩১ মে আইনজীবী মো. হুমায়ন কবির একটি রিট করেন। এর শুনানি নিয়ে ৩ জুন হাইকোর্ট দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য সাত দিনের মধ্যে বিক্রির জন্য পদক্ষেপ নিতে নির্দেশ দেন। নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে বিবাদীদের ১১ জুনের মধ্যে আদালতকে জানাতে বলা হয়।

নির্দেশ অনুসারে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী তাপস কান্তি বল আজ আদালতে প্রতিবেদন উপস্থাপন করেন। রিটের পক্ষে আইনজীবী মো. হুমায়ন কবির শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

পরে আইনজীবী তাপস কান্তি বল প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশের পর টিসিবির পণ্য বরাদ্দ বা বিক্রির আদেশ সংশোধন করা হয়। জেলা প্রশাসকদের তাঁর নিজ জেলার জন্য বরাদ্দ করা ট্রাকসেল ডিলারদের জেলার আওতাধীন সব উপজেলায় পর্যায়ক্রমে পণ্য বিক্রি নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। ভ্রাম্যমাণ ট্রাকসেল বরাদ্দে উত্তোলিত পণ্যের বিক্রয় কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণ ও তদারকির কার্যক্রম চলমান রয়েছে। এই বরাদ্দের মেয়াদ ৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত। এসব তথ্য জানিয়ে বাণিজ্যসচিবের পক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট করোনার সময়জুড়ে উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রির জন্য ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম অব্যাহত রাখতে বলেছেন।