সড়ক উন্নয়নে বরাদ্দ দেওয়া ১ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী, দুই সহকারী প্রকৌশলীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ কারণে ওই প্রকৌশলীরা ১১ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
ভারপ্রাপ্ত প্রকৌশলীসহ অপর প্রকৌশলীরা অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধরমপাশা উপজেলা কার্যালয়ে বিভিন্ন কাজ নিয়ে আসা লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১০-১২ সালের মধ্যে ধরমপাশা উপজেলার ধরমপাশা-জয়শ্রী সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না হলেও তা সম্পন্ন হয়েছে দেখিয়ে ১ কোটি ২ লাখ ৪২ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। ওই টাকা আত্মসাতের অভিযোগে ৪ অক্টোবর রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক সুভাষ চন্দ্র দত্ত ধরমপাশা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী নূরুল আলম চৌধুরী, উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম মুন্সী, এক ঠিকাদারসহ ১০ জনের নামোল্লেখ করে ধরমপাশা থানায় মামলা করেন।
ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. রুবেল বলেন, মামলাটি দুদক তদন্ত করছে। মামলার পর থেকে ওই তিনজন কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য ওই তিন কর্মকর্তাসহ এলজিইডির সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের নানা উন্নয়নকাজের সঙ্গে এলজিইডির উপজেলা কার্যালয়ের প্রকৌশলীরা জড়িত রয়েছেন। তাঁরা কর্মস্থলে না থাকায় ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
ইউএনও মোহাম্মদ নাজমুল হক বলেন, উপজেলা প্রকৌশলী ও দুজন উপসহকারী প্রকৌশলী কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা কর্মস্থলে অনুপস্থিত থাকায় ওই কার্যালয়ের দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।