উপজেলা প্রকৌশলীকে মারধরের প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রকৌশলী মাহবুবুল হককে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়েছেন উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে তাঁরা হামলায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে বেলা ১১টার দিকে মানববন্ধন শুরু হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন গাংনীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম, মেহেরপুর জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি নকিম উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, হামলায় যারাই জড়িত হোক না কেন, তাদের সবাইকে ধরতে হবে। সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গাংনী কার্যালয়ের প্রকৌশলী মাহবুবুল হক ১৭ মার্চ গাংনী থানায় মামলা করেন। তিনি অভিযোগ করেন, উপজেলার নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণাধীন সিঁড়ি সম্প্রতি ধসে পড়ে। তদন্তে সিঁড়িতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পায় এলজিইডি সদর দপ্তর। তারা ভবনটি ভেঙে নতুন করে তৈরি করতে ও বিল বন্ধ রাখার নির্দেশ দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাহবুবুল হককে ১৪ মার্চ নিজ কার্যালয়ে ঢুকে মারধর করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের লোকজন। খালেকের ব্যবসায়িক অংশীদার আবদুল মোনায়েক মোলাক ভবনটি নির্মাণের কাজ করছেন।