কিশোরগঞ্জের বাজিতপুরে ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিক শাখার খেলনা সামগ্রী কেনাকাটা নিয়ে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি হয়েছে। উপজেলা প্রশাসন গতকাল রোববার সহকারী কমিশনার (ভূমি) গোলাম মস্তফাকে প্রধান করে দুই সদস্যের কমিটি করে।
কমিটির অন্য সদস্য হলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু মো. এনায়েত উল্লাহ। একই সঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকেও অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মনে করে খেলনা সামগ্রী থাকলে শিশুরা সহজে বিদ্যালয়মুখী হবে এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে। এ কারণে দেশের প্রতিটি প্রাক্-প্রাথমিক শাখার জন্য খেলনা সামগ্রী কিনতে পাঁচ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। বিধান অনুযায়ী শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদ সভাপতির যৌথ ব্যাংক হিসাব নম্বরে ওই টাকা হস্তান্তর হওয়ার কথা। ক্রয় কমিটির মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই টাকায় ৪৭ প্রকারের মধ্যে যতগুলো সম্ভব তা ক্রয় করবে। কিন্তু তা না করে শিক্ষা কর্মকর্তা প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে নগদ হিসাবে ১ হাজার ৮০০ টাকা দেন। ভ্যাট হিসাবে রেখে দেন ২০০ টাকা। বাকি টাকা হাতে রেখে দিয়ে তাঁর প্রতিনিধির মাধ্যমে খেলনা সামগ্রী কিনে বিদ্যালয়ে পাঠিয়ে দেন।
এ ক্ষেত্রে শিক্ষকদের অভিযোগ, পাঠানো মালামাল এক হাজার টাকার ওপরে হবে না। প্রতি বিদ্যালয়ের বরাদ্দ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান অন্তত ১ হাজার ৫০০ টাকা করে আত্মসাৎ করেছেন। এ নিয়ে ১ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘শিশুদের খেলনা কেনার টাকা নয়ছয়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। খেলনা সামগ্রী কেনা নিয়ে জেলার আরও কয়েকটি উপজেলায়ও নয়ছয় হয়েছে বলে অভিযোগ আসতে থাকে।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম সারজিল হাসান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লিখিতভাবে অভিযোগ করা হয়নি। তবে কিছু অভিভাবক এসে মৌখিকভাবে জানিয়ে গেছেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে তিনি কয়েকটি স্কুলে গেছেন। তাঁর কাছেও মনে হয়েছে প্রক্রিয়াটি যথাযথভাবে হয়নি। এ কারণে তদন্ত কমিটি করা হয়েছে।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর থেকেও অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা বাজিতপুরে এসে খোঁজখবর নিয়ে গেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম মওলা মুঠোফোনে বলেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি নিজেই বেশ কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেছেন।
তবে আগের মতোই অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিভাবক সেজে আমার বিরুদ্ধে যড়যন্ত্র করছে। অভিভাবক পরিচয়ধারীরা চেয়েছিল কেনাকাটাগুলো তাঁদের মাধ্যমে হোক। আমি দিইনি। এ কারণেই এত কিছু।’