উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ
নীলফামারী সদর উপজেলায় গত শনিবার ২০৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু করতে না পারার কারণ জানতে চেয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার শরীফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। খন্দকার শরীফুলকে গতকাল রোববার ওই নোটিশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক।
‘নীলফামারীতে ২০৭টি বিদ্যালয়ে প্রথম দিনের পরীক্ষা স্থগিত’ শিরোনামে গতকাল প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।
দিলীপ কুমার বণিক বলেন, নির্দিষ্ট দিনে বার্ষিক পরীক্ষা শুরু না করার কারণ জানতে চেয়ে খন্দকার শরীফুলকে ২৪ ঘণ্টার সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। পাশাপাশি এর কারণ অনুসন্ধানে একজনকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তার জবাব ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
খন্দকার শরীফুল ইসলাম বলেন, ‘নোটিশ পেয়েছি। সারা দেশের অনেক স্থানে এমন পরীক্ষা স্থগিত হয়েছে, কিন্তু এখানে হইচই ফেলেছেন আপনারা। প্রেস থেকে প্রশ্নপত্র ছাপানোর কাজ শেষ না হওয়ায় নির্দিষ্ট সময় প্রশ্নপত্র সরবরাহ করা সম্ভব হয়নি। জেলা কর্মকর্তাকে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার কারণ মৌখিকভাবে জানিয়েছি। শনিবারের স্থগিত পরীক্ষা ১৯ ডিসেম্বর অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’