উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবি একাংশের
স্থানীয় নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া উপজেলা কমিটি মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করা হবে এবং দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের কালীগঞ্জ থানা বিএনপির একাংশের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে সমাবেশে এ কথা বলেন। দুপুর ১২টায় কালীগঞ্জ শহরের থানা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে মেইন বাসস্ট্যান্ড হয়ে শহরের নিমতলা বাসস্ট্যান্ডে যায়। সেখানে মিছিলকারীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ শুরু করেন। সঙ্গে সঙ্গে পুলিশ এসে সমাবেশ ভণ্ডুল করে যান চলাচল স্বাভাবিক করে। এরপর মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, বিএনপির সিনিয়র নেতা আবদুল হাই, পৌর বিএনপির সহসভাপতি মিজানুর রহমান, কৃষক দলের সভাপতি আহম্মদ আলী, থানা যুবদলের আহ্বায়ক আহম্মেদ সেকেন্দার, পৌর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, ছাত্রদলের মোস্তফা কামাল, জালাল আহম্মদ প্রমুখ।