উপজেলা ব্যবস্থা শক্তিশালী করতে মিলেমিশে কাজ করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দুই দিনের কর্মশালা গতকাল সোমবার শেষ হয়েছে। কর্মশালার সমাপনী বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে কার্যকর উপজেলা পরিষদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।ইউএনওদের সঙ্গে কিছু ক্ষেত্রে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের মতভিন্নতার প্রসঙ্গ উল্লেখ করে সচিব বলেন, কোনো কিছুর শুরুতে কিছু টানাপোড়েন থাকতে পারে। কিন্তু সরকার উপজেলা ব্যবস্থাকে শক্তিশালী করতে চায়। সে জন্য সবাইকে মিলেমিশে কাজ করার পরামর্শ দেন তিনি।স্থানীয় সরকার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালা যৌথভাবে আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার ইনস্টিটিউট। স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক কবীর আশরাফ আলমের সভাপতিত্বে গতকাল প্রথম পর্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক (ক্রয়) প্রষূণ কান্তি চৌধুরীও বক্তব্য দেন। ঢাকা বিভাগের ৩০ জন ইউএনও এ কর্মশালায় যোগ দেন। তাঁদের মাঝে সনদও বিতরণ করা হয়।সমাপনী বক্তব্যে প্রধান অতিথি মনজুর হোসেন বলেন, আইন ভাঙা সহজ। কিন্তু আইন মেনে চলাটাই কঠিন কাজ। প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ হচ্ছে আইনের সুরক্ষা নিশ্চিত করা। তিনি বলেন, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ অন্যান্য মৌলিক চাহিদা নিশ্চিত করতে কার্যকর উপজেলা পরিষদ প্রয়োজন।উপজেলা পরিষদ প্রশিক্ষণসংক্রান্ত এ কর্মশালার প্রথম পর্যায় গত রোববার শুরু হয়। স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) একরামুল হক জানান, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ শুরু হবে। সব ইউএনওর প্রশিক্ষণ না হওয়া পর্যন্ত একনাগাড়ে তা চলবে। প্রতি পর্বের কর্মশালায় ৩০ জন করে ইউএনও অংশ নেবেন।