উপজেলা ভাইস চেয়ারম্যানকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলনসহ দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল শনিবার কটিয়াদী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, মেয়ের চিকিৎসার পর বিকেলে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা। কটিয়াদী বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর চার-পাঁচজন যুবক মাইক্রোবাসটির কাছে এসে রফিকুলের কুশলাদি জিজ্ঞাসা করে তাঁকে চা খেতে অনুরোধ করেন। তিনি জরুরি কাজ আছে বলে তাঁদের চা খাওয়ার জন্য ১০০ টাকা বের করে দেন। ওই মুহূর্তে ৮-১০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে মাইক্রোবাসটি ঘিরে ফেলে এবং গাড়িতে বসে থাকা রফিকুলকে আঘাত করে। এরপর রফিকুল গাড়ি থেকে নেমে দৌড়ে একটি মিষ্টির দোকানে ঢুকে পড়েন। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ওই সময় গাড়িতে অবস্থানরত রফিকুলের সঙ্গী নুরুল ইসলাম মাস্টার গাড়ি থেকে বের হলে সন্ত্রাসীরা তাঁকেও কুপিয়ে আহত করে। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে বিকেল পাঁচটার দিকে রফিকুলের গ্রামের লোকজন বানিয়াগ্রাম এলাকার ভৈরব-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। রাত আটটার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, কিশোরগঞ্জের পুলিশ সুপার রেজাউল আলম ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) ভৈরব ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কটিয়াদী কোর্ট ভবনের কাছ থেকে তিনটি দা, একটি ছুরি ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।