সিটি করপোরেশন এলাকায় বিনা অনুমতিতে ড্রেজারের পাইপলাইন বসিয়ে বালুর ব্যবসা করার অভিযোগে বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) আলেয়া বেগমকে জরিমানা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমকে এক চিঠিতে জানায়, আলেয়া বেগম একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও বিনা অনুমতিতে শীতলক্ষ্যা নদী থেকে নবীগঞ্জ রুহিয়ার সেতুর নিচ দিয়ে নবীগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন ব্রিজ পর্যন্ত বালু সরবরাহের লোহার পাইপলাইন বসিয়েছেন। বিলুপ্ত কদম রসুল পৌরসভা এবং বর্তমানে সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই অবৈধভাবে আলেয়া বেগম রাস্তার আট বর্গমিটার অংশ পাইপলাইন বসিয়েছেন। এ জন্য দুই বছর হিসাব ধরে আলেয়া বেগমকে আট লাখ ৬৯ হাজার ১৬ টাকা জরিমানা করেছে সিটি করপোরেশন এ ব্যাপারে যোগাযোগ করা হলে আলেয়া বেগম বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে আমি ড্রেজারের মাধ্যমে বালু তুলে তা পাইপলাইনে সরবরাহ করছি। এভাবে কুশিয়ারা হাজি আবদুল মালেক উচ্চবিদ্যালয়ের পুকুর, কুশিয়ারা বড় জামে মসজিদের পুকুর, কুশিয়ারা কবরস্থান, কাইতাখালী কবরস্থানের পুুকুর ভরাট করা হচ্ছে। আমার এই কাজে স্থানীয় সাংসদ নাসিম ওসমানের সুপারিশে বিলুপ্ত কদম রসুল পৌরসভার প্রশাসকের মৌখিক অনুমতি নিয়ে পাইপলাইন বসানো হয়েছে। বর্তমানে আমি সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কাইতাখালী কবরস্থানে বালু ভরাটের কাজ করছি। সিটি করপোরেশনের মেয়রের কোনো এখতিয়ার নেই আমার ড্রেজার পাইপলাইন উচ্ছেদের।’ তবে আলেয়া বেগম স্বীকার করেন, তিনি অর্থের বিনিময়ে বালু ভরাটের ব্যবসা করেন। এটি তাঁর ব্যবসা। ব্যবসার মাধ্যমে তিনি এলাকার মানুষের সেবা করছেন। অনুসন্ধানে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে বন্দর উপজেলার বিভিন্ন স্থানে প্রভাবশালী ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় শীতলক্ষ্যা নদী থেকে বৈধ-অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে তা পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন নিচু জমি, জলাশয়, পুকুর ভরাটের কাজ করে রাতারাতি মোটা অঙ্কের টাকা উপার্জনের জমজমাট ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছে। বন্দর উপজেলায় চারটি ইউনিয়ন পরিষদ ছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অংশবিশেষ (বিলুপ্ত কদম রসুল পৌরসভা) সর্বত্র এ ধরনের ব্যবসা চোখে পড়ে। সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, শীতলক্ষ্যা নদীর পূর্ব পারের মানুষ নানাভাবে অবহেলিত, নির্যাতিত। সেখানে সাধারণ মানুষ ভয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায় না। সিটি করপোরেশন এলাকার রাস্তা দখল করে কাউকে বেআইনি কোনো ব্যবসা করতে দেওয়া হবে না, সে যত বড় প্রভাবশালী হোক না কেন।