উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার এত ক্ষমতা!
খাগড়াছড়ি সদরের একটি বেসরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে না পারায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নানা অজুহাত দেখিয়ে নিয়োগ-প্রক্রিয়া বন্ধ করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।জানা গেছে, খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি পাইলট উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের জন্য গত ১৬ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় নিয়োগ কমিটির পাঁচ সদস্যের মধ্যে চারজন উপস্থিত ছিলেন। ওই দিন প্রধান শিক্ষক পদে ১৪ জন প্রার্থীর মধ্যে চারজন পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষার খাতা দেখার পর অংশগ্রহণকারীদের প্রদর্শনী পাঠ পরীক্ষাও নেওয়া হয়। সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ এদিন প্রদর্শনী পাঠের নম্বর জমা না দিয়েই পরীক্ষাকেন্দ্র থেকে চলে যান। ফলে, ওই দিন নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি।কমলছড়ি পাইলট উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নিবারণ চন্দ্র চাকমা অভিযোগ করেন, বিদ্যালয়ের অস্থায়ী প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে কয়েকবার যোগাযোগ করলেও বাবুল চন্দ্র নাথ প্রদর্শনী পাঠের নম্বর দিতে গড়িমসি করেন। শেষ পর্যন্ত পরীক্ষার নম্বর না দিয়ে উল্টো নিয়োগ কমিটির সভাপতিকে ৫ সেপ্টেম্বর এক চিঠির মাধ্যমে নিয়োগ-প্রক্রিয়া নিরপেক্ষভাবে হয়নি, কাউকে যোগ্য মনে হয়নি এবং নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পুনঃ নিয়োগ পরীক্ষা গ্রহণের অনুরোধ জানান, যা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার এখতিয়ারবহির্ভূত, একতরফা ও অযৌক্তিক কার্যকলাপ।নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয় পরিচালনা কমিটির এক সদস্য অভিযোগ করেন, বাবুল চন্দ্র নাথের পছন্দের এক শিক্ষকও ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি লিখিত পরীক্ষায় কম নম্বর পাওয়ায় বাবুল চন্দ্র এখন নানা টালবাহানা শুরু করেছেন।বাবুল চন্দ্র নাথ বলেন, ‘আমার মনে হয়েছে, যাঁরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাঁরা এ পদের জন্য যোগ্য নন। তাই নতুন করে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগদানের জন্য অনুরোধ করেছি।’ পাঠদানের পরীক্ষা নেওয়ার পরও কেন নম্বর দেননি, এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলেন, ‘আমার যা মনে হয়েছে, তা চিঠিতে উল্লেখ করেছি।’বিদ্যালয় পরিচালনা কমিটি এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে ২১ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।