ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবলীগের নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। তাঁদের দাবি, যুবলীগের কেন্দ্রীয় এক সদস্যের প্ররোচনায় নতুন কমিটিতে বিতর্কিত নেতারা জায়গা পেয়েছেন। দুপুর ১২টার দিকে নবাবগঞ্জ শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, যুবলীগের কেন্দ্রীয় সদস্য মোয়াজ্জেম হোসেনের প্ররোচনায় ঢাকা জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ত্যাগী নেতাদের বাইরে রেখে অগণতান্ত্রিক উপায়ে আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে কোনো সম্মেলন ছাড়াই পছন্দের লোক দিয়ে ‘পকেট কমিটি’ করেছেন। বক্তাদের দাবি, ২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে নতুন কমিটির সভাপতি সারোয়ার হোসেন জাতীয় পার্টির এবং সাধারণ সম্পাদক নুরে আলম যুবদলের রাজনীতিতে জড়িত ছিলেন। যুবলীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে নেতা-কর্মীরা পুনরায় শহীদ মিনারে সমবেত হয়ে যুবলীগের কেন্দ্রীয় সদস্য মোয়াজ্জেম হোসেনকে নবাবগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা এবং তাঁর কুশপুত্তলিকা দাহ করেন। এরই মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইব্রাহীম খলিল। তিনি স্থানীয় সাংসদ এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের বরাত দিয়ে নেতা-কর্মীদের আশ্বস্ত করে বলেন, প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলনের মাধ্যমে যুবলীগের কমিটি করা হবে। এরপর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁদের পরবর্তী কর্মসূচি স্থগিত করেন। উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ জালাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ হান্নান উদ্দিন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ কবীর, শাহীন খান, মোশারফ মোল্লা ও আবদুল কুদ্দুস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওয়াহিদুজ্জামান, ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মাহবুব ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আহমেদ প্রমুখ।সমাবেশে উপজেলার ১৪টি ইউনিয়ন যুবলীগের বেশ কিছু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।জানতে চাইলে নবঘোষিত কমিটির সভাপতি সারোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি জাতীয় পার্টির সঙ্গে জড়িত ছিলাম—এমন কোনো প্রমাণ নেই। বর্তমানে আমি ঢাকা জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করছি।’ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে নতুন কমিটির সাধারণ সম্পাদক নুরে আলম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। সক্রিয়ভাবে কাজ করায় ঢাকা যুবলীগের নেতারা আমাকে এ দায়িত্ব দিয়েছেন।’ গত ৪ ডিসেম্বর নবাবগঞ্জ উপজেলা যুবলীগের তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া কমিটির অপর সদস্য হলেন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান।