উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষা কেন বাতিল করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগে লিখিত পরীক্ষা কেন বাতিল করা হবে না এবং পুনরায় পরীক্ষা নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আবদুস সামাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়।গত ২৮ আগস্ট রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে থানা শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৫০ জনেরও বেশি পরীক্ষার্থী অংশ নেন।ওই পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ ওঠে। তাই ওই পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশনা চেয়ে ২ সেপ্টেম্বর পরীক্ষার্থী মো. শামসুদ্দিন আহমেদ হাইকোর্টে রিট আবেদন করেন। গতকাল শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। আবেদনকারীর আইনজীবী স্বপন কুমার দত্ত প্রথম আলোকে বলেন, পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।